মেডিকেলে ভর্তি পরীক্ষা কাল
দেশের সরকারি-বেসরকারি ৬১টি মেডিকেল কলেজে ২০১০-১১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচ হাজার ৬৬০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪২ হাজার ১২১ জন। ৮৭ শতাংশ শিক্ষার্থীই এবার মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজে দুই হাজার ৩১০টি এবং বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে তিন হাজার ৩৫০টি আসন। অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর ১৯টি হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি হলে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়া প্রতি হলে এক থেকে তিনজন করে পরিদর্শক থাকবেন।পরীক্ষার আসন কোথায় পড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে তা জানা যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) খন্দকার মো. সিফায়েত উল্লাহ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ভর্তির সব প্রস্তুতি চূড়ান্ত। ইতিমধ্যে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের আসন বিন্যাস দেওয়া হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ কোচিং সেন্টার বন্ধ: এদিকে সরকারের নির্দেশে মেডিকেল কোচিং সেন্টারগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল ফার্মগেটে গিয়ে শুভেচ্ছা, রেটিনা, প্রাইমেটসহ বেশ কয়েকটি মেডিকেল কোচিং সেন্টার বন্ধ পাওয়া যায়। প্রসঙ্গত, এমবিবিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব মেডিকেল ভর্তি কোচিং সেন্টার ২২ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়। মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়।