পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন গতকাল সোমবার খারিজ করেছেন হাইকোর্ট। এদিকে গতকালও ওই ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল ওই রিট আবেদন খারিজ করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।
আদেশের পর ইউনূছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। আমি এ বিষয়ে নতুন যুক্তি দিয়ে আবার রিট আবেদন করব।’ গত রোববার ইউনূছ আলী ওই রিট আবেদন জমা দেন।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিটটি করা হয়েছে। এ আদেশের পর ভর্তি পরীক্ষার ফল অনুসারে মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করতে কোনো বাধা নেই।
এদিকে সকালে ভর্তি-ইচ্ছুক শতাধিক শিক্ষার্থী জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মানববন্ধন করার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা শহীদ মিনারের পাদদেশে গিয়ে সমবেত হন। শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা পোস্টার। তাঁদের সঙ্গে তাঁদের অভিভাবক ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তার সংগঠনের কর্মীদের নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা ওই ফল বাতিল ও নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে আজ মঙ্গলবারও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আজ বেলা একটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগের সঠিক তদন্তের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে।