মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে ২৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এই তারিখ ঘোষণা করেছে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। দেশি-বিদেশি শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের দুটি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৮ প্রাপ্তরা আবেদন করতে পারবেন। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর কম থাকলে কেউ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) জানা যাবে। এদিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের আগে গতকালই পরীক্ষার ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চ উভয় পক্ষের শুনানি নিয়ে এই আদেশ দেন।