মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী জানিয়েছেন, ফল প্রকাশ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজও কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
গত শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষার ফলাফল স্থগিত, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে গেছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান বলেছেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয়। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।