মেডিকেলে ভর্তি সরকারের নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তিপ্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণমুক্ত রাখতে চায় বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আলাদা ভর্তি পরীক্ষার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়। সংবাদ সম্মেলনে এ বছরের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ২০ করার দাবিও জানানো হয়।
সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গতকাল পর্যন্ত বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এক হাজার ২১৭ জন ভর্তি হয়েছে। দেশের ৬৩টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসনসংখ্যা ছয় হাজার ৬০৫। পাস নম্বর না কমালে অনেক আসন শূন্য পড়ে থাকবে।
সংগঠনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রেসক্রিপশনে’ পাস নম্বর ৪০ করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা সাবেক সাংসদ মকবুল হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় সরকারের কথা ‘খুব একটা শোনে টোনে না, জবাবদিহি করে না’। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নটর ডেম, হলিক্রস, রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্ররা অংশ নিলেও মাত্র দুজন ইংরেজিতে পাস করেছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় নম্বর কমাতে বাধ্য হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থী বাদ দিয়ে অনুত্তীর্ণ ছাত্র ভর্তিতে আগ্রহ কেন, এই প্রশ্নের জবাবে সংগঠনের নেতারা বলেন, এঁদের সবার আর্থিক অবস্থা ভালো নয়। ভর্তি ফি কমিয়ে কেন ভর্তির উদ্যোগ নেওয়া হচ্ছে না, এই প্রশ্নের জবাবে নেতারা বলেন, সরকারি মেডিকেল কলেজগুলোয় সরকার প্রচুর টাকা ভর্তুকি দেয়। ফি কমালে বেসরকারি কলেজে শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্ত হবে।