মেডিকেলে ভর্তি হতে মাদকমুক্ত ও অধূমপায়ী হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা হিসেবে মেধার পাশাপাশি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে মাদকমুক্ত এবং অধূমপায়ী হতে হবে। নতুবা সে মেডিকেল কলেজে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না। 

আজ শনিবার সিরাজগঞ্জের কাজীপুরে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক আয়োজিত কিশোরী সমাবেশ এবং সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।

মন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের অধিকারী চিকিৎসকই জাতিকে নিশ্চিত সেবা দিতে পারেন। এ বছর থেকে সম্ভব নয় বিধায় আগামী বছর থেকে এ নিয়ম প্রযোজ্য হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বেগম লায়লা আরজু, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও সিভিল সার্জন দেবপদ রায় প্রমুখ।
দেশের দুই কোটি কিশোরীদের স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি, নেতৃত্ব দেবার যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে অনেক নারী কর্মকর্তা রয়েছেন।
দুপুরে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।