মেডিকেলে ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিসংক্রান্ত সভায় অংশগ্রহণকারীরা এ বছর নতুন কোনো পদ্ধতি অনুসরণ না করার পক্ষে মত দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় বলা হয়, বিগত বছরগুলোর মতো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের পাশাপাশি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করানো উচিত হবে।গতকাল বুধবারের ওই সভায় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, সবার মতামতকে সম্মান জানিয়ে খুব শিগগিরই এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।সভায় একাধিক আলোচক বলেন, গত বছর মেডিকেল ও ডেন্টালে ভর্তি নিয়ে সরকার বিব্রতকর অবস্থায় পড়েছিল। তখন থেকেই ভর্তি-প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে ব্যাপকভিত্তিক আলোচনা করা উচিত ছিল। কিন্তু গত প্রায় এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো উদ্যোগই নেয়নি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক সহ-উপচার্য রশীদ-ই-মাহবুব, বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী দ্বীন মোহাম্মদ, এটিএন বাংলার বার্তাপ্রধান জ ই মামুন প্রমুখ। সভায় স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, একাধিক সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।