মেডিকেলে ভর্তি হয়েও আনন্দ নেই পাপিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে মেয়েকে জামালপুর মেডিকেল কলেজে ভর্তি করেছেন। এখন প্রতি মাসে মেয়েকে কীভাবে টাকা দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাবা আফাজ উদ্দিন। তাঁর মেয়ের নাম পাপিয়া সুলতানা।
আফাজ উদ্দিনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামে। সহায়-সম্বল বলতে ২০ শতক আবাদি জমি। আর ৬ শতকের ওপর ভিটাবাড়ি। পুরানাপৈল বাজারে তাঁর ছোট একটি দরজির দোকান রয়েছে। দিনে আয় দুই-আড়াই শ টাকা। তাঁর স্ত্রী সালেহা বেগম গৃহিণী।
পাপিয়া সুলতানা প্রথমে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ২২ হাজার ৫৬০ টাকা দিয়ে ভর্তি হন। পরে তিনি জামালপুর মেডিকেল কলেজে স্থানান্তর হন। এখানে তাঁকে ভর্তির জন্য আরও ২১ হাজার ৮১০ টাকা দিতে হয়। একটি বেসরকারি ব্যাংক থেকে আফাজ উদ্দিন এবং দুটি এনজিও থেকে মা সালেহা বেগম প্রায় এক লাখ টাকা ঋণ নিয়ে এ টাকা জুগিয়েছেন। ঋণের টাকা শেষ। এখন কীভাবে মেয়েকে পড়াবেন, তা নিয়ে দিশেহারা তাঁরা।
আফাজ উদ্দিন বলেন, তিনি পৈতৃক সূত্রে সোয়া বিঘার মতো সম্পত্তি পেয়েছিলেন। দুই মেয়ের বিয়ে দিতে গিয়ে জমি বিক্রি করতে হয়েছে। ঋণ করে মেয়েকে ভর্তি করিয়েছেন। এখন এ টাকা শোধ করবেন না মেয়ের পড়ার খরচ জোগাবেন—ভেবে কূলকিনারা পাচ্ছেন না।
আফাজ উদ্দিনের প্রতিবেশী আবদুর রহমান ও সদর উপজেলার আমদই ইউনাইটেড কলেজের প্রভাষক ছাইফুল ইসলাম বলেন, আফাজ উদ্দিনের আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁর পক্ষে পাপিয়ার পড়ালেখার খরচ জোগাড় করা সম্ভব নয়।
পাপিয়া সুলতানা বলেন, বাবা-মা ঋণ করে ভর্তি করালেন। এখন মাসে মাসে কীভাবে টাকা দেবেন, এ নিয়ে চিন্তিত। মাঝপথে পড়া বন্ধ হয় কি না, কে জানে।