মেডিকেলে ভর্তির নির্দেশনা চেয়ে আবেদন
ভর্তি পরীক্ষার মাধ্যমে চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি-প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আবেদনটি উপস্থাপন করা হয়। আগামী রোববার আবেদনের ওপর শুনানি হতে পারে।এর আগে ভর্তি পরীক্ষা না নিয়ে জিপিএর ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে একটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৪ আগস্ট আদালত রুল জারি করেন। রুলে পরীক্ষা-পদ্ধতি ছাড়া জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা না নেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন ভর্তি-ইচ্ছুকরা। আর ১৪ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, মেডিকেলে ভর্তির ব্যাপারে সরকারের নতুন করে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সরকার আদালতের নির্দেশের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপকৃত হবেন।এরপর গত বুধবার ভর্তি পরীক্ষার মাধ্যমে মেডিকেলে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি-প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে রিটকারী আইনজীবী সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। এতে পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর জন্য স্বাস্থ্যসচিব, শিক্ষাসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশনা চাওয়া হয়। আবেদনে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০-এর ২৩ অধ্যায়ের ১ ধারা অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক মাসের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ১০ অধ্যায়ের ১ ধারা অনুযায়ী মেডিকেল কলেজে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক শেষে ভর্তি পরীক্ষা নেওয়া অব্যাহত থাকবে। ভর্তি পরীক্ষায় কোনো প্রার্থী দুই বছরের বেশি অংশগ্রহণের সুযোগ পাবেন না। এসব যুক্তির কথা জানিয়ে আইনজীবী ইউনুস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, শিক্ষানীতি অনুসারে পরীক্ষার মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে। গত ১৮ জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি-প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়নি। এ জন্য পরীক্ষার মাধ্যমে ভর্তি-প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়েছে। বিষয়টি রোববার কার্যতালিকায় আসবে এবং ওই দিন এর ওপর শুনানি হবে বলেও জানান তিনি।