মেডিকেলে ভর্তির প্রশ্ন ফাঁস হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের। রাজধানীর শাহবাগে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করে l প্রথম আলো
গতকাল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের। রাজধানীর শাহবাগে পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে ফেলার চেষ্টা করে l প্রথম আলো

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা গতকাল রোববার রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন। এ দাবিতে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। তবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নগুলো ফাঁস হয়ে যাওয়া প্রশ্ন কি না, তা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে খতিয়ে দেখা হয়নি।
মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন করে পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরাম। বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচির সময় শিক্ষার্থী ও অভিভাবকদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।
স্মারকলিপিতে বলা হয়, ‘সর্বজনের কাছে প্রশ্নবিদ্ধ এই ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত করা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের প্রাণের দাবি। ফাঁসকৃত প্রশ্ন এবং অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নে মিল পাওয়া যায়।’
সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। দুপুরে তাঁরা মিছিল নিয়ে শাহবাগের দিকে যান। পথে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে বেলা একটার দিকে তাঁরা শাহবাগ মোড়ে পৌঁছালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ও গণমাধ্যমের গাড়িগুলোকে যাওয়ার পথ করে দেন।
শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পর বিকেল সোয়া পাঁচটার দিকে আবার বিক্ষোভ মিছিল করে দিনের কর্মসূচি স্থগিত করেন। একই দাবিতে আজ সোমবার সকাল নয়টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তাঁরা। একই দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ৭ অক্টোবর দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন: বেলা তিনটায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে লাভ হবে না। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কোনো কথা বলতেও অস্বীকৃতি জানান। তবে, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে তিনি মন্ত্রণালয়ে চায়ের দাওয়াত দিয়েছেন। মো. নাসিম বলেন, ‘আপনারা আসুন, জিজ্ঞাসা করুন। রাজপথে গিয়ে কথা বললেন, আমার সঙ্গে বললেন না।’ তিনি বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষার সঙ্গে সরকারের মর্যাদার প্রশ্ন জড়িত। তাই ‘গুজব’ ছড়ানোর পরপরই বিএনপি ও ড্যাব পরীক্ষা বাতিলের দাবি করে। তাদের সঙ্গে না বুঝে অনেকে যোগ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা মূল প্রশ্ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের নমুনা উপস্থাপন করেন। তাঁরা জানতে চান সরকার প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে কোনো প্রযুক্তি বিশেষজ্ঞের সহযোগিতা নিয়েছে কি না। স্বাস্থ্যমন্ত্রী এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘এটি গুড অ্যাডভাইস (পরামর্শ)।’ মন্ত্রী বলেন, পরীক্ষার পুরো প্রক্রিয়া সম্পর্কে জেনে তিনি সাংবাদিকদের সামনে এসেছেন। তিনি নিশ্চিত প্রশ্ন ফাঁস হয়নি। ভবিষ্যতে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া হবে।