মেডিকেলে ভর্তির ফরম চড়া দামে বিক্রি করছেন কর্মচারীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর একটা। ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফরম কেনার জন্য কথা হচ্ছিল গেটের নিরাপত্তাকর্মী মিরাজের সঙ্গে। মিরাজের পাশে থাকা আজগর নামের এক ব্যক্তি বললেন, তাঁর পরিচিত একজনের কাছে ফরম আছে, তবে টাকা বেশি দিতে হবে। রাজি হওয়ায় তিনি ভবনের ভেতর গিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে জানালেন, ফরমপ্রতি দেড় হাজার টাকা দিতে হবে। আজগর যাঁর সঙ্গে কথা বলেছেন, তাঁর নাম জাহিদ। পরে খোঁজ নিয়ে জানা গেল, জাহিদের পুরো নাম জাহিদুল ইসলাম। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান।প্যাথলজি বিভাগে গিয়ে জাহিদকে খুঁজে পাওয়া গেল। তাঁর কানের কাছে গিয়ে ‘ফরম’ বলতেই এই প্রতিবেদককে নিয়ে ভেতরের একটি ছোট কক্ষে যান। ১৫টি ফরম চাওয়ায় জাহিদ বললেন, ‘এত নাই, চারটি দিতে পারি। তবে ফরমপ্রতি দেড় হাজার টাকা দিতে হবে।’ অনেক অনুরোধের পর ওই দামেই তিনি ১৫টি ফরম দিতে রাজি হন। এক ঘণ্টার মধ্যে তাঁর কাছে টাকা নিয়ে আসতে হবে বলে তিনি নিজের মোবাইল ফোন নম্বর দেন এই প্রতিবেদককে। কথা বলার একপর্যায়ে জাহিদ বলেন, ‘ভাই, পরীক্ষার হলে তো আমরাই থাকি। টাকা বেশি দিচ্ছেন, অনেক সাহায্য পাবেন।’ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, সীমিত ফরম থাকায় বিক্রির দ্বিতীয় দিন সকালেই ফরম শেষ হয়ে গেছে। কিন্তু শিক্ষার্থীদের বেশি দামে বাইরে থেকে ফরম কিনতে হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে এই প্রতিবেদক শিক্ষার্থীবেশে ফরম কিনতে গেলে এর সত্যতা মেলে।মেডিকেল কলেজগুলোর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রি গত সোমবার শুরু হয়েছে। এবার প্রতিটি মেডিকেল কলেজ পাঁচ হাজার করে ফরম বিক্রি করতে পারবে বলে সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ফরমের দাম ধরা হয়েছে ৫২০ টাকা করে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত ফরম বিক্রি হওয়ার কথা থাকলেও গতকালই ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ফরম পাওয়া যায়নি। সীমিতসংখ্যক ফরমের একটি অংশ কলেজগুলোর কর্মচারীদের হাতে চলে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। ফরম কেনার জন্য সোমবার রাতেই শিক্ষার্থীরা অভিভাকদের নিয়ে লাইনে দাঁড়ান। রাতভর অপেক্ষা করেও সকালে ফরম না পেয়ে ভোগান্তির শিকার হন অনেক শিক্ষার্থী। অনেকে আবার কর্মচারীদের কাছ থেকেই বেশি টাকায় ফরম কেনেন।ভোররাত চারটায় লাইনে দাঁড়িয়েও ফরম পাননি শিক্ষার্থী হাবিবুর রহমান। তিনি বলেন, ‘ফরম কিনতে না পারলে পরীক্ষা দিতে পারব না। তাই রাতেই এসেছিলাম। কিন্তু তাতেও কাজ হলো না। বাধ্য হয়ে বেশি টাকায় ফরম কিনেছি বাইরে থেকে।’ তবে কার কাছ থেকে কিনেছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।ফরম বিক্রির বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের সচিব মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, প্রথম দিন চার হাজার ২৩৫টি ফরম বিক্রি হয়ে গেছে। আর গতকাল দ্বিতীয় দিন বেলা সাড়ে ১১টার আগেই বাকি ফরম বিক্রি হয়ে যায়। এক প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত করেন, জাহিদ প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান। বেশি টাকা নিয়ে ফরম বিক্রির বিষয়ে তিনি বলেন, ‘এই প্রথম এ ধরনের অভিযোগ এসেছে। আমরা বিষয়টি অধ্যক্ষকে জানাব এবং তাঁর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেব।’