মেডিকেলের ছাত্র মঈনের লাশ ফেনীতে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট ওসমানী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মঈন উদ্দিন খানের লাশ গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঈন উদ্দিন খানের লাশ গতকাল শনিবার সকাল ১০টায় ফেনী শাহীন একাডেমি বিদ্যালয় চত্বরে নেওয়া হয়। সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয় থেকে তিনি ও তাঁর যমজ ভাই মমিনুল ইসলাম খান ২০০৬ সালে এসএসসি পাস করেন।মঈন উদ্দিন খান ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ছোট ধলিয়া গ্রামের সৌদিপ্রবাসী মো. সোলায়মান খান ও খোদেজা বেগমের ছেলে। বাবা-মায়ের পাঁচ ছেলেমেয়ের মধ্যে প্রথম মমিনুল ও মঈন দুজন যমজ ভাই। মমিনুল রংপুর মেডিকেল কলেজে লেখাপড়া করেন।মঈনের বাবা তাঁর মৃত্যু সংবাদ পাওয়ার পর সৌদি আরব থেকে গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসার পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।