মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগ: আটক চারজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চার সিন্ডিকেট সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আতাউল হক আজ বৃহস্পতিবার এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তার কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড প্রাপ্তরা হলেন জসিম উদ্দিন ভূঁইয়া, জেড এম এ সালেহীন, এস এম সানোয়ার ও আকতারুজ্জামান খান। গত মঙ্গলবার এই চারজনকে আটক করে র‍্যাব। র‍্যাবের ভাষ্য, জসিম এই চক্রের হোতা এবং বাকি তিনজন তাঁর পূর্বপরিচিত ও সহযোগী। সালেহীন চিকিৎসক, আকতারুজ্জামান আবাসন ব্যবসায়ী।
গতকাল বুধবার দুপুরে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, র‍্যাব-২ এর একটি দল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মহাখালী ডিওএইচএসের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা জসিম ও তাঁর তিন সহযোগীকে আটক করা হয়। মেডিকেল কলেজে ভর্তির নিশ্চয়তা দিয়ে তাঁরা শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছেন। অভিযানের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের এক কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার চেক ও নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ভর্তি পরীক্ষার ৮৮টি প্রশ্ন-উত্তরপত্র এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার নিবন্ধনপত্র উদ্ধার করা হয়।
আজ রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই চার আসামি বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন। এরা শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের ব্যাংক চেক এবং ৩৬ সেট কথিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রসহ হাতেনাতে ধরা পড়ে। তাঁদের রিমান্ডে নিয়ে এ সিন্ডিকেটের অপর আসামিদের দখলে থাকা আরও বিভিন্ন ফাঁস করা প্রশ্নপত্র উদ্ধারের জন্য তাঁদের রিমান্ডে নেওয়া জরুরি।
এ চারজনের পক্ষের রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করা হলে তা নাকচ করে দেন আদালত।