মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন: বিএমএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ‘অমূলক ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকেরা রাজপথে আন্দোলন করছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদ্ঘাটনে বিএমএর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁরা অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট কোনো দালিলিক তথ্য-প্রমাণ বিএমএর কাছে দাখিল করতে পারেননি। ঘটনা পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে বা হচ্ছে, তার কোনো নৈতিক ও সুনির্দিষ্ট ভিত্তি নেই।
এর আগে ১৯ অক্টোবর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে আন্দোলন করা শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা করে বিএমএ। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযোগকারীদের ২০ অক্টোবরের মধ্যে প্রশ্ন ফাঁসের তথ্য-প্রমাণ উপস্থিত করার কথা ছিল। বিএমএর দাবি, ওই দিন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কেউ উপস্থিত করতে পারেনি। পরে তথ্য-প্রমাণ উপস্থাপনের জন্য এক দিন সময় বৃদ্ধি করে তা ২১ অক্টোবর করা হয়। কিন্তু সেদিনও কেউ কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এসব বিবেচনা করে বিএমএ ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটি ‘ভিত্তিহীন ও অমূলক’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।