মেডিকেলের ৮০ ভাগের বেশি শিক্ষার্থী-শিক্ষক টিকা পেয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সরকারি উচ্চবিদ্যালয়ে (বালিকা) ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কম্প্রিহেনসিভ বা লাইসেন্সিং পরীক্ষা ২০২১’ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৪ সেপ্টেম্বর
ছবি: বাসস

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসার সঙ্গে যুক্ত ৮০ শতাংশের বেশি শিক্ষক-শিক্ষার্থীদের ইতিমধ্যেই টিকার আওতায় আনা হয়েছে। টিকাপ্রাপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে বাকিদেরও টিকা নিশ্চিত করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর সরকারি উচ্চবিদ্যালয়ে (বালিকা) ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কম্প্রিহেনসিভ বা লাইসেন্সিং পরীক্ষা ২০২১’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

দেশে নার্সের সংখ্যা তুলনামূলক কম জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী একজন চিকিৎসকের পরিবর্তে তিনজন নার্স দরকার। এদিক থেকে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশে প্রায় ৭০ হাজার নার্স রয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদের পরিকল্পনা অনুযায়ী শিক্ষক যে কয়জন আছে, তার তিন গুণ নার্স করা হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী নার্সের সংখ্যা বাড়ানো হবে।’

গণটিকাদান কর্মসূচিতে প্রথম ডোজ পাওয়া ব্যক্তিদের বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘টিকা ক্যাম্পেইনের মাধ্যমে যাঁদের প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাঁরা দ্বিতীয় ডোজও সময়মতো পাবেন। প্রথম ডোজ যে কেন্দ্রে দেওয়া হয়েছে, সেই কেন্দ্রেই দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গ্রামে বাস করা মানুষের মধ্যে আগে টিকা নেওয়ার আগ্রহ কম ছিল। আমরা তাদের অনুপ্রাণিত করতেই এই টিকা কার্যক্রমের কর্মসূচি হাতে নিয়েছিলাম। সে ক্ষেত্রে আমরা গ্রামের মানুষের মনেও টিকার গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছি।’

মেডিকেলের বাইরে অন্যান্য শিক্ষার্থীর কোন প্রক্রিয়ায় টিকা দেওয়া হবে, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, সে বিষয়ে রোববার (৫ সেপ্টেম্বর) একটি আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।