মেতেছিল খুলনা বিজ্ঞান জয়োৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে ব্যস্ত এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
নিজের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে ব্যস্ত এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

শুধু পদার্থ বা রসায়নের সূত্র কাজে লাগিয়ে নতুন উদ্ভাবনই নয়, পরিবেশবান্ধব বাড়ি বা রূপচর্চায় ভেষজের ব্যবহার কীভাবে করা যায়, সে রকম উদ্ভাবন নিয়ে মেলায় এসেছিল খুলনা অঞ্চলের শিক্ষার্থীরা। নিজেদের উদ্ভাবিত প্রকল্প উপস্থাপন ছাড়াও সকাল থেকে দুপুর পর্যন্ত চলে কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্ব। ছিল বিজ্ঞানের খুঁটিনাটি আলোচনাও। সব মিলিয়ে দিনটি ছিল খুলনা অঞ্চলের পাঁচ জেলার সাড়ে ৪০০ শিক্ষার্থীর কাছে বিজ্ঞানের জয়োৎসবে মেতে থাকার দারুণ একটি দিন।
গতকাল সোমবার খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সিটি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করে প্রথম আলো। সহযোগিতা করেন খুলনা বন্ধুসভার বন্ধুরা।
সরকারি মহিলা কলেজ মিলনায়তনের সামনে সকাল নয়টায় খুদে বিজ্ঞানীদের নিয়ে খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘জাতীয় সংগীতের একটি অংশে আছে “মা, তোর বদনখানি মলিন হলে, ওমা, আমি নয়নজলে ভাসি” আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, বাংলা মায়ের মুখ যেন কখনো মলিন না হয়।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক—এই তিনটি বিভাগে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জের প্রায় ৩৫০ শিক্ষার্থী আধা ঘণ্টার কুইজে অংশ নেয়। একই সঙ্গে মিলনায়তনের বাইরে খুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত ৪৩টি প্রকল্প উপস্থাপন করে।
দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), সরকারি বিএল কলেজ ও খুলনা সরকারি মহিলা কলেজের চারজন শিক্ষক প্রকল্প দেখে ১৫টি প্রকল্পকে সেরা নির্বাচিত করেন। বেলা দেড়টার দিকে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর।
প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসানের সঞ্চালনায় উৎসবের দ্বিতীয় পর্বে আরও বক্তব্য দেন সিটি ব্যাংক খুলনা ব্রাঞ্চের ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল হক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, জয়োৎসব প্রকল্প বিচারক খুলনা সরকারি বিএল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অশোক কুমার ঘোষ প্রমুখ।
১৫টি প্রকল্পে ৩৮ জনকে পদক ও সনদ দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিকে ছয়জন, নিম্নমাধ্যমিকে ১১ জন ও মাধ্যমিকে ১২ জন কুইজ বিজয়ীকে পদক ও সনদ দেওয়া হয়। প্রকল্প ও কুইজ বিজয়ীরা আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় বিজ্ঞান জয়োৎসবে অংশ নেবে।