মেদিনীপুরের ওরসে যোগ দিতে গেলেন ২১৩৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুণ্যার্থীদের নিয়ে গতকাল ভারতের মেদেনীপুরের উদ্দেশে ছেড়ে যায় বিশেষ ট্রেনটি। গতকাল সকাল নয়টায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে তোলা ছবি l প্রথম আলো
পুণ্যার্থীদের নিয়ে গতকাল ভারতের মেদেনীপুরের উদ্দেশে ছেড়ে যায় বিশেষ ট্রেনটি। গতকাল সকাল নয়টায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে তোলা ছবি l প্রথম আলো

২ হাজার ১৩৯ জন পুণ্যার্থী নিয়ে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ ট্রেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল বুধবার সকালে ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন ত্যাগ করে। সেখানে তাঁরা একটি ওরসে যোগ দেবেন।
১১৬ বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে পুণ্যার্থীরা মেদিনীপুরের ওরসে যোগ দিতে গেলেন। আঞ্জুমান-ই-কাদেরিয়া তরিকাপন্থী পুণ্যার্থী বহনকারী ট্রেনটি গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় রাজবাড়ী রেলস্টেশন ছেড়ে আসে। রাতেই দর্শনায় পৌঁছে অভিবাসন ও শুল্কায়ন প্রক্রিয়ার কাজ শুরু হয়। গতকাল সকাল ৯টা ১০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়।
পুণ্যার্থীরা জানান, তাঁরা মেদিনীপুরের হজরত আলী আবদুল কাদের সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) বার্ষিক ওরস শরিফে যোগ দেবেন। রেলওয়ের ২২টি বগিতে থাকা ২ হাজার ১৩৯ পুণ্যার্থীর মধ্যে নারী ৭৬১ জন। রয়েছেন ৮০ জন চিকিৎসক ও স্বেচ্ছাসেবক। মঙ্গলবার রাতে যাত্রা শুরুর আগে সারা দেশ থেকে তরিকাপন্থীরা রাজবাড়ীতে জড়ো হন।
আঞ্জুমান-ই-কাদেরিয়ার রাজবাড়ী জেলা সভাপতি কাজী ইরাদত আলী বলেন, ১৯০২ সালে মেদিনীপুরে ওরস শুরু হয়। ওই বছর থেকেই বাংলাদেশের পুণ্যার্থীদের জন্য বিশেষ ট্রেনটি চালু করা হয়। রাজবাড়ী থেকে দর্শনা হয়ে ট্রেনটি ভারতের মেদিনীপুরে যায়। ১১৬ বছর ধরে এটি ধারাবাহিকভাবে চলছে।
কিছু পুণ্যার্থী গতকাল চুয়াডাঙ্গার দর্শনা থেকেও ট্রেনে ওঠেন। স্বজনদের বিদায় জানাতে জড়ো হন অনেকে। কৌতূহলী মানুষও স্টেশনে ভিড় জমায়।
আজ বৃহস্পতিবার রাতে মেদিনীপুরের মীর্জা মহল্লায় অবস্থিত জোড়া মসজিদ প্রাঙ্গণে ১১৬তম বার্ষিক ওরস অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি ওরস শেষে পুণ্যার্থীদের নিয়ে ট্রেনটি বাংলাদেশ অভিমুখে রওনা হবে।