মেধা ও দেশাত্মবোধের সমন্বয়ে দেশকে বদলে দেওয়া সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশে মেধার সংকট নেই। সংকট রয়েছে মূল্যবোধ আর দেশাত্মবোধের। মেধা, মূল্যবোধ আর দেশাত্মবোধের সমন্বয় ঘটিয়ে দেশকে বদলে দেওয়া সম্ভব। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের খুলশীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল এম মোশাররফ হোসেন, রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মো. বাবর, হাটহাজারী কলেজের অধ্যাপক নুরুল হুদা কুতুবী প্রমুখ।এর আগে মন্ত্রীকে কর্ণফুলী রেজিমেন্টের একটি প্রশিক্ষিত দল গার্ড অব অনার দেয়। হাছান মাহমুদ ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘প্রশিক্ষণের সঙ্গে মেধা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয় ঘটানো সম্ভব হলে আমরা সারা বিশ্বে মেধাবী জাতি হিসেবে পরিচিত হব।’ মন্ত্রী আগামী কিছুদিনের মধ্যে চট্টগ্রামের বিএনসিসি ক্যাডেটদের উপকূলীয় বনায়ন কর্মসূচি এবং চট্টগ্রামের বর্জ্যব্যবস্থাপনার তদারক কাজে সম্পৃক্ত করার ঘোষণা দেন। উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের এক হাজার ছাত্রছাত্রী ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশিক্ষণে অংশ নেয়। পরে মন্ত্রী প্রশিক্ষণ সমাপ্তকারীদের হাতে সনদ তুলে দেন।