মেধা ও শ্রমে শ্রমিক থেকে প্রতিষ্ঠান মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসমাইল হোসেন
ইসমাইল হোসেন

পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত কক্সবাজারের ৫৫ হাজার ৬০৮ জন অভিবাসীর মধ্যে ২০১৪ সালে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন ইসমাইল হোসেন। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কোনারপাড়ার বাসিন্দা। সাধারণ একজন শ্রমিক হিসেবে সংযুক্ত আরব আমিরাতে গেলেও নিজের শ্রম ও মেধা খাটিয়ে এখন সেখানকার একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন তিনি।
গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক সভায় ইসমাইলসহ জেলার সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো তিন ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। অপর দুজন হলেন সৌদি আরবে বসবাসকারী কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা মোবারক হোসেন ও দুবাইয়ে বসবাসকারী টেকনাফের বাসিন্দা মোহাম্মদ রায়হান। মোবারক পাঠিয়েছেন ১ কোটি ৩০ লাখ টাকা এবং রায়হান পাঠিয়েছেন ৮১ লাখ টাকার রেমিট্যান্স।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ইসমাইল সংযুক্ত আরব আমিরাতে যান। ইচ্ছাশক্তি, সততা আর উদ্যম কাজে লাগিয়ে গত ১০ বছরে তিনি গড়ে তোলেন ১০টি বোরকার দোকান। দুবাইয়ের আবাইয়া (বোরকা) বিপণিবিতানে তাঁর এসব দোকান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রমিয়ন কান্তি পাল বলেন, ২০১৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ইসমাইল হোসেন দুবাই থেকে দেশে পাঠিয়েছেন ১ কোটি ৩১ লাখ টাকার রেমিট্যান্স। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত কক্সবাজার জেলার অভিবাসীর মধ্যে তিনি সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ব্যক্তি।
মুঠোফোনে ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রথম যখন দুবাইতে আসি তখন খুব কষ্টে দিন কাটিয়েছি। তবে লক্ষ্য ছিল কর্মচারী থেকে মালিক হব। কয়েক বছরে মাথায় সেই লক্ষ্য পূরণ হলেও আরও এগিয়ে যাওয়ার ইচ্ছাশক্তি শেষ হয়ে যায়নি।’ ইসমাইল আরও জানান, মধ্যপ্রাচ্যের বোরকা ব্যবসার সিংহভাগ বাংলাদেশিদের দখলে। শুধু দুবাইতে বোরকাশিল্পে বাংলাদেশের প্রায় ৩০ হাজার কর্মী কাজ করেন। তাঁদের পাঠানো রেমিট্যান্সে বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে। কিন্তু বর্তমানে ভিসা জটিলতার কারণে এ শিল্পে এখন বাংলাদেশের কারিগর নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে লাভজনক এই শিল্প ধীরে ধীরে চলে যাচ্ছে ফিলিপাইন ও ভারতীয়দের দখলে। ইসমাইল হোসেনের বোরকার দোকানে কাজ করেন ১৪৭ জন শ্রমিক। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৮০ জন। তিনি স্বপ্ন দেখছেন দুবাইতে তাঁর বোরকাশিল্পকে আরও বড় করে তোলার। পাশাপাশি বাংলাদেশেও বিনিয়োগ বাড়াতে চান। ইতিমধ্যে তিনি কক্সবাজার শহরে ২০ কোটি টাকার মতো বিনিয়োগ করে হোটেলসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেছেন।