রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি অঞ্চলের মেধা ও সৃজনশীলতার পৃষ্ঠপোষকতা করা আমাদের সবার দায়িত্ব।’গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতা ২০১০’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে নাম না জানা অনেক সৃষ্টিশীল প্রতিভা। কিন্তু যথাযথ প্রচার, স্বীকৃতি কিংবা পরিচর্যার অভাবে অনেকের সৃষ্টিশীলতা হারিয়ে যাচ্ছে।’অনুষ্ঠানে ফটোগ্রাফি, চলচ্চিত্র ও গীতিকার—এই তিন শ্রেণীর ৩১ জন বিজয়ী রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককর অনুষ্ঠানে বক্তব্য দেন।বাংলাদেশকে সুরের দেশ গানের দেশ হিসেবে উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, ‘এ দেশের পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল ও লালনগীতি আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ উপাদান। আমাদের শিল্প ও সংস্কৃতির এসব অমূল্য উপাদানের বিকাশ ঘটাতে হবে।’সংগীত, আলোকচিত্র ও চলচ্চিত্রকে আমাদের শিল্প ও সংস্কৃতির তিনটি শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এগুলো সমসাময়িককালের চিত্রকে যেমন ধারণ করে তেমনি অতীতকে বহন করে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করে।বরেণ্য গুণী ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার, রশীদ তালুকদার ও রফিকুজ্জামান তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পাওয়ায় রাষ্ট্রপতি তাঁদের অভিনন্দন জানান।