কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম হয়েছে। এ ছাড়া ফেনী থেকে এবার ২০০ জন জিপিএ-৫ পেয়েছেন। কুমিল্লা শিক্ষা বোর্ড জানায়, বোর্ডের অধীনে সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ প্রথম, ফেনী সরকারি কলেজ নবম ও ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজ ২০তম স্থান লাভ করেছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। ফেনী সরকারি কলেজ থেকে এক হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৮৮ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৩২ জন, পাসের হার শতকরা ৮১ দশমিক ৬৯ ভাগ। ছাগলনাইয়া মৌলভী সামছুল করিম কলেজ থেকে ২৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৯১ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন, পাসের হার শতকরা ৯৭ দশমিক ৬৫ ভাগ। এ ছাড়া দাগনভূঁঞা ইকবাল মেমোরিয়াল কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন, ফুলগাজী মহিলা কলেজ থেকে তিনজন, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ও মনুরহাট আবদুল হক চৌধুরী কলেজ থেকে দুজন করে এবং সোনাগাজী এনায়েত উল্যাহ মহিলা কলেজ থেকে একজন জিপিএ-৫ পেয়েছেন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ভালো ফলাফল কারো একক কৃতিত্ব নয়। কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী অভিভাবকসহ সবার প্রচেষ্টার ফল এটি। কলেজে নিয়মিত অভ্যন্তরীণ পরীক্ষা গ্রহণ, অপেক্ষাকৃত দুর্বলদের জন্য বিশেষ বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, শ্রেণীকক্ষে প্রতিদিন প্রস্তুতিমূলক কাজ দিয়ে তা আদায় করা হতো। ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই খুশি হয়েছে। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্য প্রথম আলোকে বলেন, ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি হয়েছেন। ভবিষ্যতেও যেন কলেজের ভালো ফলাফল ধরে রাখা যায়, সে চেষ্টা অব্যাহত রাখা হবে।