মেধা পাচার বন্ধে প্রকৌশলীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রত্যন্ত অঞ্চলের খেটে খাওয়া মানুষের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশ থেকে মেধা পাচার বন্ধের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দশম সমাবর্তনে প্রকৌশলীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, ‘গ্রামবাংলার সহজ-সরল মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের সহযোগিতা তাদের জীবনমান বদলে দিতে পারে। কারণ, উন্নয়ন কর্মকাণ্ডের সকল পর্যায়ে আপনাদের অবদান রাখার সুযোগ রয়েছে।’রাষ্ট্রপতি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের দেশ থেকে উচ্চশিক্ষা লাভের জন্য অনেকেই ইউরোপ, আমেরিকা যাচ্ছেন। পরিতাপের বিষয়, উচ্চশিক্ষা গ্রহণ শেষে অনেকেই দেশে ফেরেন না। ফলে দেশ মেধাশূন্য হয়ে যেতে পারে।’জিল্লুর রহমান দেশ ও জনগণের কল্যাণে অধিকতর অবদান রাখার জন্য নতুন ডিগ্রিপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিদেশের সাথে সাথে দেশের জনগণকেও সেবা দিন। দেশে উপযুক্ত কর্মপরিবেশ তৈরি করুন এবং তা টিকিয়ে রাখুন।’ তিনি বিকল্প জ্বালানির উৎস ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অবদান রাখার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, সরকার-ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে নতুন প্রজন্মের প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।সমাবর্তনে ২০০২-০৩ থেকে ২০০৭-০৮ পর্যন্ত ছয় শিক্ষাবর্ষে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি দেওয়া হয়।অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান সমাবর্তন বক্তব্য দেন। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমান বক্তব্য দেন।সমাজ ও রাষ্ট্র কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে—এ কথা উল্লেখ করে জিল্লুর রহমান আত্মকর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যক্তিদের গৌরবদীপ্ত পথ অনুসরণ করে নতুন ডিগ্রি অর্জনকারীদের অনেককে নিজের ভবিষ্যৎ রচনার পরামর্শ দেন। নতুনদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁরা তাঁদের মেধা ও মনন দিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার-ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।উপাচার্য তাঁর ভাষণে বুয়েটের গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, ছাত্রী হল নির্মাণ, ডিজিটাল কর্মসূচি সম্প্রসারণসহ জমির জটিলতা নিরসনের দাবির সঙ্গে একমত পোষণ করে এসব দাবি যৌক্তিক হিসেবে অভিহিত করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।