মেধা-মননে বিকশিত হতে জয় করতে হবে গণিতকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বরিশাল আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উৎসব l ছবি: প্রথম আলো
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বরিশাল আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উৎসব l ছবি: প্রথম আলো

গণিত হলো বিজ্ঞানের জনক। গণিত শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলে। মেধায়-মননে বিকশিত হতে গণিতকে জয় করতে হবে। আর গণিত জয় হলে অন্য সব বিষয় সহজ হয়ে যাবে।
ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের বরিশাল আঞ্চলিক পর্ব উদ্বোধনের সময় এসব কথা বলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। গতকাল মঙ্গলবার বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই উৎসব।
সকাল নয়টায় শুরুর কথা থাকলেও সাতটা থেকে তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে উৎসবস্থলে। নির্ধারিত সময়ে বন্ধুসভার বন্ধুদের গাওয়া জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জিয়াউল হক। একই সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংক বরিশালের শাখা ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের এবং বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিল বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।
সকাল পৌনে ১০টায় শুরু হয় মূল প্রতিযোগিতা। সোয়া এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় খুদে গণিতবিদদের গণিতবিষয়ক নানা প্রশ্ন এবং গানে গানে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ।
খুদে গণিতবিদ শামরী রহমান শুচির নাচ; দেবপ্রিয় সাহা, তাহমিম ইসলাম, ফারিজা, নিশিতা সরকার শৈলী, ঐশী চক্রবর্তী ও সৌরভ সরকারের গান; আফিয়া হোসেন ও ধ্রুব মণ্ডলের আবৃত্তি এবং রণবীর মহিন্তা, তাহমিব হক, নূসরাত জাহানের কৌতুকে মুগ্ধ হয় শিক্ষার্থীরা। বন্ধুসভার বন্ধুদের গাওয়া গণিত জয়ের গান ‘আয় আয় আয় গণিতের আঙিনায়’ এবং ‘গণিত করব জয় একদিন’ গানে কণ্ঠ মেলায় উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন অতিথি ও শিক্ষকেরা। প্রশ্নগুলোর কয়েকটি হলো: চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে কেন? ১ কেন মৌলিক ও যৌগিক সংখ্যা নয়? চলন্ত ট্রেনে উড়ন্ত মশার গতি কেমন হবে? শূন্য মৌলিক না যৌগিক সংখ্যা? পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করা হয় কীভাবে? কোনো সংখ্যার সামনে শূন্য বসলে মান বাড়ে কেন? বাঁয়ে বসলে কমে কেন? চাঁদ কি নিজের অক্ষে ঘোরে? ব্ল্যাকহোল কী? খুদে গণিতবিদদের এমন নানান প্রশ্নের উত্তর দেন অতিথিরা। বুদ্ধিদীপ্ত প্রশ্ন করায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং প্রথম আলোর সহযোগিতায় চতুর্দশ গণিত অলিম্পিয়াডের এই উৎসবে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলার ৩৭টি প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
উদ্বোধন, প্রশ্নোত্তর ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান শফিউল আলম, কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক মো. ফয়সাল হোসেন রাহাত, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সমীরণ রায়, শিক্ষক লোকমান হোসেন, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের গণিতের অধ্যাপক স্বপন কুমার মণ্ডল, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের গণিতের অধ্যাপক এম এ মামুন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিল বলেন, গণিত কেবল বিজ্ঞানই নয়; মানবিক ও বাণিজ্য বিভাগসহ গণিত সব বিষয়ের মধ্যে রয়েছে। গণিত জয় করতে পারলে অন্য সব বিষয় জয় করা সহজ হয়ে যায়। এ জন্য শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। বাড়াতে হবে সৃজনশীল চর্চা।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, গণিতের ভীতি দূর করার জন্য ১৪ বছরের বেশি সময় ধরে প্রথম আলোকে সঙ্গে নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক শিক্ষার্থীদের পাশে আছে। শিক্ষার্থীরা যাতে আলোকিত ও সৃজনশীল মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, সে জন্য সব সময় চেষ্টা থাকবে ডাচ্-বাংলা ব্যাংকের।
উৎসব শেষে চারটি বিভাগের ৫০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের প্রত্যেককে মেডেল পরিয়ে দেন অতিথিরা। সনদ এবং টি-শার্ট দেন বন্ধুসভার সদস্যরা। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসবে অংশ নেবে।