মেধাকে দেশের কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে নড়াইলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো
সনদ হাতে নড়াইলের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা ষ ছবি: প্রথম আলো

প্রযুক্তিনির্ভর শিক্ষাচর্চার পাশাপাশি সুনাগরিক হতে হবে। স্রোতে গা না ভাসিয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সমাজ পরিবর্তনে নিজেদের বিশেষ ভূমিকা রাখতে হবে। নিজের মেধাকে দেশের কাজে লাগাতে হবে। গতকাল বুধবার নড়াইল ও মেহেরপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। প্রথম আলোর উদ্যোগে এবং মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় দেশব্যাপী এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

নড়াইল
সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর হলরুমে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বন্ধুসভার সদস্যসহ উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা জাতীয় সংগীতে অংশ নেন। সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি মুত্তাকিন বিল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী, ভাষাসৈনিক রিজিয়া খাতুন, নড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানা, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সিকদার, লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সাইফুল হাসান, টেলিটকের আঞ্চলিক কর্মকর্তা আক্তারুজ্জামান, লোহাগড়া বন্ধুসভার সম্পাদক রেকসনা আক্তার, শিক্ষার্থী রূপা খানম ও কাজী আরিফুর রহমান।

রকীবুল বারী বলেন, স্রোতে গা না ভাসিয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। সমাজ পরিবর্তনে নিজেদের বিশেষ ভূমিকা রাখতে হবে। রিজিয়া খাতুন বলেন, সন্ত্রাস, মাদক, অ্যাসিড, যৌতুক, বাল্যবিবাহমুক্ত সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব তোমাদের নিতে হবে। জাকির হোসেন বলেন, এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তোমরা নবগঙ্গা ও চিত্রা নদী পাড়ি দিয়েছ। সামনে পদ্মা, মেঘনা পাড়ি দিতে হবে। তারপর বঙ্গোপসাগর।

নড়াইলের তিনটি উপজেলার প্রায় চার শ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়, নড়াইল সরকারি বালক বিদ্যালয় এবং লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়কে সমঞ্চাননা জানানো হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দীন ও কোষাধ্যক্ষ তাপসী দাস।

মেহেরপুর

সকাল সাড়ে ১০টায় মেহেরপুর পৌর কমিউনিটি মিলনাতনে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক প্রফেসর আবদুর রশিদ ও আসলাম হোসেন, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বি এম রেজাউল করিম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, টেলিটকের কর্মকর্তা শাফিরুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা আবুল বাশার ও রিপন হোসেন।

আবদুর রশিদ উচ্চশিক্ষা গ্রহণে পাঠ্যপুস্তকের বাইরেও প্রযুক্তিনির্ভর শিক্ষাচর্চার পাশাপাশি সুনাগরিক হতে শিক্ষার্থীদের মনোযোগী হতে বলেন। সিরাজুল ইসলাম কৃতী শিক্ষার্থী সারসিন আজীমের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালে শিক্ষার্থীরা দেশের মান রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। অভিভাবক গাংনী উপজেলার ধানখোলা গ্রামের শাহ আলম বলেন, প্রথম আলোর এই আয়োজন তাঁদের দায়িত্বকেও বাড়িয়ে দিল।

জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান গাংনী মডেল উচ্চবিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়কে এ বছর সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয়। প্রায় তিন শ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার লিয়া, অনন্যা ও রিমন। নৃত্য ও সংগীত পরিবেশন করে মোহনা, পূজা, সোহাগ, আরিফা, নাসিম, সুমনা, তানিম ও মিম।

আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার

বরগুনা

স্থান: বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স

সময়: সকাল নয়টা

নরসিংদী

স্থান: ড্রিম হলিডে পার্ক

সময়: সকাল ১০টা

রাজবাড়ী

স্থান: রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়

সময়: সকাল ১০টা

আগামীকাল ৬ সেপ্টেম্বর শুক্রবার

পাবনা

স্থান: শহীদ আব্দুস সাত্তার মিলনায়তন সরকারি এডওয়ার্ড কলেজ

সময়: সকাল নয়টা

খুলনা

স্থান: বিভাগীয় ক্রীড়া সংস্থা মিলনায়তন

সময়: বেলা আড়াইটা

শরীয়তপুর

স্থান: শরীয়তপুর পৌর মিলনায়তন

সময়: সকাল নয়টা

বান্দরবান

স্থান: উপজেলা পরিষদ মিলনায়তন

সময়: সকাল সাড়ে নয়টা