মেধাক্রম লঙ্ঘন করে ভর্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মেধাক্রম লঙ্ঘন করে এক ছাত্রীকে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সহ-উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় একটি শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের ২২ জুন ফরম সংগ্রহ করতে বলা হয়। এ ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকায় এগিয়ে থাকা শিক্ষার্থী যদি ওই দিন দুপুর ১২টার মধ্যে ফরম সংগ্রহ না করেন, তাহলে পরবর্তী জনকে ফরম প্রদান করার নিয়ম রয়েছে। কিন্তু মেধাতালিকা লঙ্ঘন করে ওই দিন দুপুর ১২টার আগেই এক শিক্ষার্থীকে ফরম প্রদান করা হয় বলে অভিযোগ উঠেছে।
শূন্য আসনে ভর্তি ফরম সংগ্রহের জন্য অপেক্ষমাণ তালিকায় ১৪ নম্বরে থাকা শিক্ষার্থী তানজীন আরা ২২ জুন নরসিংদী থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হন। পথে তিনি যানজটে আটকা পড়েন। তখন তিনি মুঠোফোনে তাঁর পরিচিত উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক শামীমা নাসরিনকে বিষয়টি অর্থনীতি বিভাগকে জানাতে বলেন। ওই শিক্ষক অর্থনীতি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র সরকারকে ফোন করে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। দুপুর সোয়া ১২টার দিকে তানজীন আরা অর্থনীতি বিভাগে পৌঁছে জানতে পারেন, অপেক্ষমাণ তালিকায় ১৭ নম্বরে থাকা এক শিক্ষার্থীকে ফরম প্রদান করা হয়েছে।
শামীমা নাসরিন বলেন, ‘২২ তারিখ বেলা ১১টা ২৪ মিনিটে আমি পরিমল চন্দ্র সরকারকে মুঠোফোনে তানজীন আরার কথা জানিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলি। কিন্তু এরই মধ্যে অন্য একজনকে ফরম দেওয়া হয়ে গেছে বলে তিনি আমাকে জানান৷’
জানতে চাইলে ভর্তি কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টার আগে কাউকে ফরম দেওয়া হয়নি। ১২টার পরে অপেক্ষমাণ তালিকায় থাকা পরের জনকে ফরম দেওয়া হয়েছে। তবে মানবিক কারণে তানজীন আরাকে ভর্তির জন্য বিভাগ থেকে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটিতে সুপারিশ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, ‘অভিযোগের কথা শুনেছি। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’