মেধাক্রমে থেকেও ভর্তি হয়নি পৌনে ৩ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণিতে এবার ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ১ হাজার ৯৯ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথম মেধাতালিকায় ভর্তির জন্য মনোনীত হয়েছিল প্রায় ৯ লাখ ৭৪ হাজার জন (বাকিরা অপেক্ষমাণ তালিকায়)। মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের মধ্যে ভর্তি হয়েছে ৬ লাখ ৯৫ হাজার জন। অর্থাৎ মেধাক্রমে থাকলেও পৌনে তিন লাখের বেশি শিক্ষার্থী নির্ধারিত সময়ে ভর্তি হয়নি।

মেধাক্রম অনুযায়ী ভর্তির কাজ হয়েছে ১৮ থেকে ২২ জুন পর্যন্ত। আজ বৃহস্পতিবার পর্যন্তও কত শিক্ষার্থী ভর্তি হয়েছে তার তথ্য দিয়েছে কলেজগুলো।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভর্তি না হওয়া এসব শিক্ষার্থীও অপেক্ষমাণ তালিকার মেধাক্রম অনুযায়ী ভর্তি হবে। কারণ, এবার অনেক শিক্ষার্থী কয়েকটি করে কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে। এবারে একজন শিক্ষার্থী যে কটি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিল, সেগুলোর প্রত্যেকটির জন্যই আলাদা মেধাক্রম করা হয়েছে। এ জন্য অনেক শিক্ষার্থী ভালো ফল করেও অপেক্ষমাণ তালিকায় পড়েছে কিংবা প্রথম দফায় প্রত্যাশিত কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি। এ জন্যই প্রথম মেধাক্রমে থাকা অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি। আগামীকাল শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনের বিপরীতে প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। এই তালিকার মেধাক্রম অনুযায়ী ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে।

১৬ জুন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছিল।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, আগামীকাল শুক্রবার বিকেলে প্রথম অপেক্ষমাণ তালিকার মেধাক্রম প্রকাশ করা হবে। শূন্য আসনের পাঁচ গুণ শিক্ষার্থীকে অপেক্ষমাণ মেধাক্রমে রাখা হবে। এরপর ২৮ জুন দ্বিতীয় অপেক্ষমাণ মেধাক্রম প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, এখন কোনো শিক্ষার্থী যদি মেধাক্রম অনুযায়ী ভর্তি হয়েও থাকে, সে-ও অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী (শূন্য আসনের বিপরীতে) ভর্তির সুযোগ পাবে। সে ক্ষেত্রে তাকে যে কলেজে ভর্তি হয়েছে, তা বাতিল করতে হবে।

নিয়মিত ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পরও বিলম্ব ফিসহ ভর্তি হওয়া যাবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত। এবারে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।