মেধাতালিকায় কলেজগুলোর ফলাফলে ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি ক্যাটাগরিতে মোট পয়েন্টের ভিত্তিতে সিলেটের বোর্ডসেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার মফস্বলের কলেজসহ একাধিক কলেজ নতুন করে উঠে এসেছে। সেরা ২০-এর তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে সিলেটের এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আলিফ সোবহান চৌধুরী কলেজ, বিশ্বনাথ কলেজ ও বিবিয়ানা মডেল কলেজ। এগুলোর অবস্থান যথাক্রমে ১০, ১৬, ১৭ ও ১৮তম। সিলেট ক্যাডেট কলেজ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গতবারের মতো এবারও যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে। গতবার পঞ্চম স্থানে থাকা সিলেট এমসি কলেজ এবার তৃতীয় স্থানে উঠে এসেছে। সিলেট সরকারি মহিলা কলেজ তৃতীয় থেকে এবার ৪ নম্বরে নেমে এসেছে। ৪ থেকে ৫ নম্বরে নেমেছে সিলেট কমার্স কলেজ। গত বছর সপ্তম স্থানে থাকা সিলেটের স্কলার্স হোম এবার ৬ নম্বরে, ষষ্ঠ স্থানে থাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ সপ্তম স্থানে নেমে এসেছে। সেরা তালিকায় কলেজগুলোর ওঠানামা সম্পর্কে সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন প্রথম আলোকে বলেন, এটা আসলে প্রতিষ্ঠানগুলোর মেধার লড়াই। এ লড়াই অব্যাহত থাকাটা ভালো। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান প্রথম আলোকে জানান, শিক্ষা-দীক্ষায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতনতা বাড়ায় শহরের সঙ্গে মফস্বলের ব্যবধান ক্রমেই কমছে। এ কারণে মেধাতালিকা স্থির থাকছে না। সেরা ২০ কলেজ: সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কমার্স কলেজ, স্কলার্স হোম সিলেট, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি কলেজ, শচীন্দ্র কলেজ, তৈয়বুননেসা খানম একাডেমি কলেজ, মদন মোহন কলেজ সিলেট, সুজা মেমোরিয়েল কলেজ, আলিফ সোবহান চৌধুরী কলেজ, বিশ্বনাথ কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ও সিলেট আইডিয়াল কলেজ।