মেধাতালিকায় মফস্বলের শিক্ষার্থী পাসের হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাসের হার বেড়েছে। গত বছরের চেয়ে ৩ দশমিক ২৬ শতাংশ বেড়ে এবার পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৩ শতাংশ। মফস্বলের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় ভালো করেছে।জানা গেছে, এবার চট্টগ্রামে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় এক লাখ চার হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে এক লাখ ৯৬ হাজার ৭৫৯ জন পাস করেছে। সার্বিক ফলাফলে ছেলেরা এগিয়ে। মেধাতালিকায় প্রথম হয়েছে লোহাগাড়া উপজেলা থেকে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পঞ্চম শ্রেণীতে এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ চার হাজার ৩৮৪ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগে ৪৭ হাজার ৩৭১ জন, দ্বিতীয় বিভাগে ৩৯ হাজার ৮৩৫ ও তৃতীয় বিভাগে নয় হাজার ৫৫৩ জন পাস করে। গতবার প্রথম বিভাগে পাস করেছিল ৩৮ হাজার ৩১ জন।চট্টগ্রাম জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল বলেন, ‘চট্টগ্রামে এবার গতবারের চেয়ে ভালো ফল হয়েছে। আরও ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা প্রতিটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক দেওয়ার চেষ্টা করছি।’মেধাতালিকায় মফস্বলের শিক্ষার্থীরা: চট্টগ্রামের ২০টি শিক্ষা থানার মধ্যে মেধাতালিকায় লোহাগাড়া নজুমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের য়ুম্নাম থামোয় ৫৮৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে পটিয়া পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সানজিদা খানম। সে ৫৮৪ নম্বর পেয়েছে। ৫৮১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে নগরের কলেজিয়েট স্কুলের দীপ্র সাহা। পাসের হারে ছেলেরা এগিয়ে: চট্টগ্রামে সার্বিক ফলাফলে দেখা যায়, মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৪৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪৬৭ জন। পাসের হার ৯৩ দশমিক ১২ শতাংশ। ৫৬ হাজার ৬৩১ জন ছাত্রী পরীক্ষা দিয়ে পাস করেছে ৫২ হাজার ২৯২ জন। পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রথম বিভাগে ছাত্রদের চেয়ে ছাত্রীরা বেশি পাস করেছে। মোট ২৫ হাজার ২৮৬ জন ছাত্রী পাস করেছে। নগরে কলেজিয়েট সেরা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) মহানগরের বিদ্যালয়ের মধ্যে ফলাফলের দিক থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। পরীক্ষায় অংশ নেওয়া ১৮২ জন শিক্ষার্থীর সবাই প্রথম বিভাগে পাস করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা পরীক্ষার এক মাস আগে অভিভাবকদের সঙ্গে বৈঠকে বসেছি। ছাত্ররা যাতে নিরবচ্ছিন্নভাবে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, সে জন্য কিছু বিষয় তদারক করার অনুরোধ জানিয়েছি। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতা তো ছিলই।’ নগরের অন্যান্য স্কুলের মধ্যে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে ৩১৯ জন প্রথম বিভাগ পেয়েছে। দুজন অনুপস্থিত ছিল। বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪১ জন প্রথম ও একজন দ্বিতীয় বিভাগে পাস করেছে।