মেধাবী ছাত্র মালেকের অবস্থার অবনতি, সাহায্যের আবেদন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বর্বরতার শিকার মেধাবী আবদুল মালেকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এলাকাবাসীর সহযোগিতায় গত বুধবার তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে।মালেক কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগের নবম শ্রেণীর মেধাবী ছাত্র (রোল নম্বর: ২)।কিশোরগঞ্জের সিভিল সার্জন দ্বীন মোহাম্মদ বলেন, ‘মালেকের ডান চোখের ওপরের পাতা পুরো ছিঁড়ে গেছে। এটা সেলাইয়ের মাধ্যমে ঠিক করা সম্ভব। তবে প্রচণ্ড আঘাতে তার চোখের লেন্স স্থানচ্যুত হয়ে গেছে। এ কারণে সে চোখে কিছুই দেখতে পাচ্ছে না। দৃষ্টিশক্তি ফেরাতে বড় ধরনের অস্ত্রোপচার, নয়তো নতুন একটি চোখ সংযোজন করা প্রয়োজন।’গত মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর হাসপাতালের বিছানায় আহত মালেকের সঙ্গে কথা হয়। তার বাবা বৃদ্ধ আসাদ মিয়া কাজ করতে পারেন না। মা বেঁচে নেই। ছোট দুই বোন ঢাকায় মানুষের বাসায় কাজ করে মালেকের পড়াশোনা ও সংসারের খরচ চালায়। মালেক জানায়, ‘আমার ইচ্ছে, চিকিৎসক হয়ে দেশে আমার মতো হতদরিদ্র মানুষের সেবা করা। কিন্তু তা এখন দুঃস্বপ্নে পরিণত হওয়ার পথে। আমার জীবন এখন অনিশ্চিত। আমাকে অনিশ্চয়তা থেকে মুক্ত করুন।’প্রয়োজনে ছেলেকে নিজের একটি চোখ দিতে চান আসাদ মিয়া। কিন্তু অস্ত্রোপচার করা ও চিকিৎসা চালানোর মতো টাকা নেই তাঁর। আসাদ মিয়া জানান, ‘জন্মের পরে মালেকের মা মারা যায়। সে নিজের চেষ্টায় ও শিক্ষকদের সহযোগিতায় নবম শ্রেণী পর্যন্ত এসেছে। সে খুব ভালো ছাত্র। তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন বোধহয় বাস্তব হবে না।’ এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ অবস্থায় মালেকের চিকিৎসা-সহায়তার জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে। তাকে সাহায্য করতে চাইলে আচমিতা জর্জ ইনস্টিটিউশন, সঞ্চয়ী হিসাব নম্বর: ৯৮০, অগ্রণী ব্যাংক, কটিয়াদী শাখায় টাকা পাঠানো যেতে পারে। কথা বলতে চাইলে ০১৭১৯-৪৪৬১৮১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।এদিকে মালেকের ওপর ঘটনার প্রতিবাদে আচমিতার শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকালে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাসেম তাদের বুঝিয়ে দোষীদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। মালেকের ওপর হামলা প্রসঙ্গে জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ‘ঘটনাটি পড়ে খুব খারাপ লেগেছে। ছাত্রটি অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। প্রকৃত দোষীরা শাস্তি পাবে।’প্রসঙ্গত, শ্রেণীকক্ষ থেকে বের হওয়ার সময় গায়ে ধাক্কা লাগায় নবম শ্রেণীর এক ছাত্রী সহপাঠী আবদুল মালেককে জুতাপেটা করে। বিষয়টি তখন মীমাংসাও করে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এর জের ধরে ছাত্রীটির ভাই সাদ্দাম হোসেন ও তার সহযোগী ২০ নভেম্বর কটিয়াদী ডিগ্রি কলেজ মাঠে মালেককে রড দিয়ে পেটায় এবং ছুরি দিয়ে তার ডান চোখ উৎপাটনের চেষ্টা করে। এ নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘সাদ্দামের বর্বরতা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।