‘লিটন চায় সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে, আপনাদের সাহায্য-সহযোগিতাই পারে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে...।’ মানবিক এ আহ্বানে ব্লাড ক্যানসারে (লিউকোমিয়া) আক্রান্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র কাজী লিটন রানার সাহায্যার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন হয়। এতে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, জনপ্রিয় লেখক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, ছাত্রী হলের প্রাধ্যক্ষ ইয়াসমীন হক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিনসহ অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা।লিটন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তাঁর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। লিটনের সহপাঠীরা জানান, তাঁর চিকিত্সায় প্রায় ৮০ লাখ টাকার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতার পাশাপাশি লিটনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। লিটনের চিকিত্সার সহায়তায় গতকাল একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। ‘লিটন সাহায্য তহবিল’, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৫৩৪২২, সোনালী ব্যাংক শাবিপ্রবি শাখা। বিদেশিদের জন্য সুইফট কোড ইঝঙঘইউউঐউঞে সোনালী ব্যাংক আম্বরখানা শাখা, সিলেট। এ ছাড়া সাহায্য পাঠানোর জন্য মুঠোফোন ০১৭১-৪৬৪৪৩৫৯ এবং ০১৭১-৭৫৭০৭১৩ নম্বরে যোগাযোগ করা যাবে।