মেধাবী ছাত্রকে চোরাকারবারি দেখিয়ে অভিযোগপত্র দাখিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্র আল আমিনকে একটি চোরাচালান মামলায় আসামি দেখিয়ে জেল খাটানো এবং একই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের অভিযোগ উঠেছে পুলিশের ওপর। এর প্রতিবাদে গতকাল রোববার নাদামপুর ও বাঘাউড়া স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে।স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর দাবি, ভালো ছেলেকে পুলিশ শুধু জেলই খাটায়নি, অপরাধ ঢাকতে পুলিশ তার বয়স বাড়িয়ে আদালতে মিথ্যা অভিযোগপত্রও দাখিল করেছে।স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ শামীম গত ১৩ আগস্ট উপজেলার দিঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামে পরাস মিয়ার বাড়িতে এক অভিযান চালান এবং স্কুলছাত্র আল আমিনকে তার বাড়ি থেকে ফাঁড়িতে ধরে নিয়ে আসেন। এ সময় আল আমিন ও তার পরিবারের লোকজন অপরাধ জানতে চাইলে পুলিশ তাদের ধমক দিয়ে বলে থানায় গেলে জানা যাবে।পরে আল আমিনের বাবা পরাস মিয়া থানায় গিয়ে খবর পান, আল আমিনকে একটি চোরাচালান মামলার আসামি করে পুলিশ কোর্টে হাজির করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে এক মাস জেল খাটার পর আল আমিন ১৬ সেপ্টেম্বর জামিন পায় আদালত থেকে। স্কুলশিক্ষক ও এলাকাবাসী পুলিশের কাছে অনুরোধ জানান, আল আমিন কোনো অপরাধী নয়। সে এলাকার একজন মেধাবী ও ভালো ছাত্র। পুলিশ তাকে যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ মামলা থেকে অব্যাহতি দেয়।এলাকাবাসীর এ দাবিকে উপেক্ষা করে পুলিশ আল আমিনের ওপর বিশেষ ক্ষমতা আইনে অপরাধী দেখিয়ে সম্প্রতি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার নাদামপুর ও বাঘাউড়া স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে মানববন্ধন করে। এ মানববন্ধনে ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সব সদস্য অংশ নেন। তাঁরা অভিযোগপত্রে বলেন, পুলিশ একটি অপরাধ ঢাকতে গিয়ে আল আমিনের ওপর দ্বিতীয় দফা আরও একটি অন্যায় করেছে।এদিকে মানববন্ধনের খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন ঘটনাস্থলে যান এবং নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার হাদী গাজির সমন্বয়ে বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করেন। উপজেলা চেয়ারম্যান স্কুল কমিটিকে এ বিষয়ে প্রস্তাব দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ বলেন, ‘আল আমিন নবম শ্রেণীর একজন মেধাবী ছাত্র এবং তার বয়স ১৫। সে এর আগে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। এ ছাড়া জেএসসি পরীক্ষায় সে জিপিএ ৪.১৩ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। এ ছাত্রের ওপর পুলিশের এ অভিযোগ আমরা বিশ্বাস করি না।’নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘আল আমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের পর স্কুল কর্তৃপক্ষ থানায় যোগাযোগ করে। তখন আমরা জানতে পারি, সে নবম শ্রেণীর ছাত্র।’ ওসি আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদন দাখিল হলেও আমরা তার বয়স পরীক্ষার জন্য কোর্টে আবেদন করেছি।’