মেধাবী ছাত্রী শ্রেষ্ঠাকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী উপজেলার পোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা দেওয়ান (৯)। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা শ্রেষ্ঠা এখনো জানে না, তার অস্থিমজ্জার ক্যানসার হয়েছে। তার মধ্যে নেই আগের সেই চঞ্চলতা, কৌতূহল; নেই অনর্গল কথা বলার শক্তি। রাঙামাটি শহরের শশী দেওয়ানপাড়ায় আত্মীয়ের বাড়িতে সারা দিন শুয়ে আর বসে হাঁপিয়ে উঠছে ছোট্ট শ্রেষ্ঠা। শ্রেষ্ঠার বাবা অর্ণব দেওয়ান বেসরকারি সংস্থা কারিতাসের নিম্ন পদের চাকুরে। মা নিরূপা চাকমা গৃহিণী। একমাত্র মেয়ের অসুস্থতার কথা শুনে অর্ণব ও নিরূপা এখন পাগলপ্রায়। চিকিত্সকেরা জানিয়েছেন, শ্রেষ্ঠাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন করাতে হবে। এ জন্য অন্তত ২৫ লাখ টাকার প্রয়োজন। আর তা জোগাড় করতে হবে খুবই স্বল্প সময়ে। কিন্তু এত টাকা জোগাড় করার মতো সামর্থ্য শ্রেষ্ঠার বাবা-মায়ের নেই। শ্রেষ্ঠার চিকিত্সায় সমাজের হূদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠানসহ সবার সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা, আত্মীয় ও বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠীরা। সাহায্য পাঠানোর ঠিকানা: অর্ণব দেওয়ান, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৬০৩, উত্তরা ব্যাংক, রাঙামাটি শাখা।