গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, মেধাবী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হলে কারও ওপর নির্ভরশীল হতে হবে না। তাই প্রত্যেক মানুষকে সৃজনশীল কাজে দক্ষতা অর্জন করতে হবে। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বৃক্ষমেলার উদ্বোধন শেষে আব্দুল মান্নান খান এসব কথা বলেন। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী এ বৃক্ষমেলা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এ বৃক্ষমেলার উদ্বোধন শেষে উপজেলা ওয়াছেক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।সভায় আব্দুল মান্নান খান সবাইকে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সফলতা অর্জনে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পদ্মা সেতুর কাজ দ্রুত শুরু হবে। সভায় তিনি ১৭২ জন দুস্থ অসহায় নারীকে সেলাই মেশিন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে কম্পিউটার বিতরণ করেন। পরে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের চারাখালী ও মঠবাড়ী গ্রামের ১৭৮টি পরিবারকে ২০ কেজি করে চাল দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আবু আশফাক, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।