মেধাবী জিনিয়া কি হেরে যাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত জেরিন জিনিয়া
নুসরাত জেরিন জিনিয়া

নুসরাত জেরিন জিনিয়া। ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছেন। সংগ্রামের মধ্যেও স্কুল-কলেজে মেধার স্বাক্ষর রেখে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানেও মেধাবী হিসেবে নিজেকে প্রমাণ করলেন। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে চার বছর শেষে ৪.০০ স্কেলের গ্রেডে ৩.৯০ পেয়ে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতকোত্তরে প্রথম সেমিস্টারেও প্রথম হন।
নুসরাত জেরিন ১৯৯১ সালে গাজীপুরের টঙ্গীতে জন্মগ্রহণ করেন। বাবা মো. মহিবুল্লাহ ছিলেন সৌদি আরব নিবাসী ফার্মাসিস্ট ও মা সুফিয়া খাতুন গৃহিণী। পাঁচ বছর বয়সে সপরিবারে সৌদি আরব চলে যান। আবার সাত বছর বয়সে ফিরে আসেন। ১১ বছর বয়স থেকে বাবার সঙ্গে আর কখনো যোগাযোগ হয়নি তাঁদের। পরে সংসার চলত বাবার রেখে যাওয়া ব্যাংক ব্যালেন্স আর নানা-নানির সাহায্যে। নিজে টিউশনি করে নিজের পড়াশোনার খরচ জোগাতেন।
এ রকম অবস্থায় স্নাতকোত্তরের শেষ পর্যায়ে এসে যখন সংগ্রামী জীবন শেষ করে স্বপ্নগুলোকে হাতের মুঠোয় নেওয়ার সময়, ঠিক তখনই জানা গেল তিনি ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, ক্যানসার বেশ জটিল আকার নিয়েছে। বর্তমানে জিনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমোটোলজি ইউনিটে চিকিৎসাধীন।
কিন্তু জিনিয়া হারতে চান না। তিনি বাঁচতে চান। এ কঠিন রোগের চিকিৎসার জন্য যে অনেক অর্থের প্রয়োজন। বিদেশে নিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন করাতে লাগবে ৬০ থেকে ৬৫ লাখ টাকা। সব মিলিয়ে চিকিৎসার জন্য প্রয়োজন ৭৫ থেকে ৮০ লাখ টাকা। এই বিপুল খরচ জিনিয়ার পরিবারের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়।
এ জন্য জীবনযুদ্ধে অদ্বিতীয় মেধাবী জিনিয়ার জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানো যাবে বিকাশ নম্বর: ০১৯২৩১১২২৬৯ এবং ০১৭৩৮২৭৫১২৭। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্টের নাম ও নম্বর: মো. জসিম উদ্দীন, অ্যাকাউন্ট নম্বর: ১৮১১৭১০৫৯০১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, গুলশান উত্তর শাখা। branch routing no 215261900, swift codes for Bangladesh: scblbddx।