মেধাবী প্রজন্ম জঙ্গিবাদ রুখে দেবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান মেধাবী প্রজন্ম জাতির আগামী দিনের যোগ্য কর্ণধার হবে। তারাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী জঙ্গিবাদ জামায়াত-শিবিরের সব অপতৎপরতা রুখে দেবে।গতকাল সোমবার দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শোভাযাত্রা-পরবর্তী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ঢাকা মহানগরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।নুরুল ইসলাম নাহিদ বলেন, একাত্তরের পরাজিত শক্তি পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে চেয়েছিল। পরাজিত জামায়াত-শিবির এখনো একাত্তরের কায়দায় জবাই করে মানুষ হত্যা, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, মন্দির ধ্বংস করা ও নারী নির্যাতন শুরু করেছে।এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন প্রমুখ।