মেধাবী লতার পাশে উপজেলা প্রশাসন
অদম্য মেধাবী লতা আক্তারের পড়ালেখায় সহায়তা দিয়েছে নীলফামারী সদর উপজেলা প্রশাসন। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী তাঁর কার্যালয়ে কলেজে ভর্তি ও বই কেনার জন্য লতা আক্তারের হাতে আট হাজার টাকা তুলে দেন। এ সময় তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
গত ১৬ জুন প্রথম আলোয় ‘সব বাধা পেরিয়ে’ শিরোনামে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দারিদ্র্যের বাধা পেরিয়ে লতার এগিয়ে যাওয়ার কথা উঠে আসে।
ইউএনও মো. সাবেত আলী বলেন, ‘প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগের নজরে আসার পর এ বিষয়ে জেলা প্রশাসনকে খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়। আমরা জেনেছি লতা আক্তারের বাবা একজন দিনমজুর। তাদের সম্বল বলতে ৩ শতাংশ ভিটেমাটি। তাই তাকে কলেজে ভর্তি ও বই কেনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষে আট হাজার টাকা দিয়েছি। তার খোঁজখবর রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।’
লতা আক্তার এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন টুপামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে নীলফামারী সরকারি কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তার বাবা আবদুল লতিফের বাড়ি জেলা সদরের টুপামারী ইউনিয়নের কিসমত দোগাছি গ্রামে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। লতার বড় ভাই শামিম ইসলাম নীলফামারী সরকারি কলেজে বিএ প্রথম বর্ষে এবং ছোট বোন খুশি আক্তার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে।
লতা আক্তারের হাতে টাকা তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফোরামের জেলা সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজুর রশীদ, টুপামারী ইউপির চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, খোকশাবাড়ির চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল করিম প্রমুখ।