যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভালো লোকেরা দিন দিন রাজনীতি থেকে সরে যাচ্ছেন এবং খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করছেন। এটি অশুভ লক্ষণ।
গতকাল সোমবার ফেনী সরকারি কলেজে চারটি বিষয়ে স্নাতকোত্তর কোর্সের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, অন্যথায় সন্ত্রাসী ও মাস্তানেরা সেই স্থান দখল করবে। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যেতে নিরুৎসাহিত করবেন না।
কলেজের অধ্যক্ষ উৎপল কান্তি বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।