মেধাবীদের পুরস্কার দিল অ্যাডেক্সেল ও ব্রিটিশ কাউন্সিল

জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় সেরা ফলাফলধারী বাংলাদেশি শিক্ষার্থীদের যৌথভাবে পুরস্কার দিয়েছে অ্যাডেক্সেল ও ব্রিটিশ কাউন্সিল। আজ শনিবার বিকেলে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে সেরা শিক্ষার্থীদের এই পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক জিম স্কার্থ ওবিই, পিয়ারসন ইউকের কোয়ালিফিকেশন ডেভেলপমেন্ট ও এসেসমেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ডিংয়ের পরিচালক ডেরেক রিচার্ডসন ও পিয়ারসন দক্ষিণ এশিয়ার সহসভাপতি হরিশ দোরাইস্বামী। আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি এক্সামিনেশন ম্যানেজার দীপ অধিকারী, অ্যাডেক্সেলের কান্ট্রি ম্যানেজার সাইদুর রাহমান ও রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লা লিটন।
অনুষ্ঠানে ২০১৬ সালে পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী ৫৬৫ জন শিক্ষার্থীকে চারটি পৃথক বিভাগে অ্যাডেক্সেল পদক প্রদান করা হয়। তাঁদের মধ্যে ৩৮৫ জন শিক্ষার্থী আন্তর্জাতিক জিসিএসইতে, ৮২ জন জিসিইতে, ৪৭ জন জুনিয়র শিক্ষার্থী প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি কারিকুলামে (পিএলএসসি) এবং ৫১ জন পৃথক বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ নম্বরের জন্য বিশেষ পদক পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশ থেকে ১৬ হাজারেরও বেশি শিক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেন। অ্যাডেক্সেল পিয়ারসনের সর্ববৃহৎ শিক্ষাবিষয়ক ব্র্যান্ড। বিজ্ঞপ্তি।