মেধাবীদের বঞ্চিত হওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্রাবাসে আসন বরাদ্দের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। তাই এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা ও ব্যক্তিগত পরিচয় প্রাধান্য পায়। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কলেজের ড. আবদুস সবুর ছাত্রাবাসে আসন বরাদ্দে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রাম কলেজ সূত্র জানায়, ছাত্রদের তিনটি ছাত্রাবাসের মধ্যে সোহরাওয়ার্দী হলে ২০০টি, শেরেবাংলা হলে ১৭০ ও আবদুস সবুর হলে ১০০টি আসন রয়েছে। এর মধ্যে আবদুস সবুর হলটি শুধু স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হলেও বর্তমানে এই ছাত্রাবাসে স্নাতকের বিভিন্ন বর্ষের ছাত্ররা অবস্থান করছেন। এই ছাত্রাবাসের ১০০টি আসন থাকলেও দাপ্তরিক ও অন্যান্য প্রয়োজনে ব্যবহূত হয় ১৩টি। ছাত্রদের জন্য বরাদ্দ থাকে মোট ৮৭টি আসন। জানা যায়, গত ২৪ জুন আবদুস সবুর চৌধুরী ছাত্রাবাসের ৪০টি আসন বরাদ্দ চেয়ে আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বাছাই শেষে স্নাতকোত্তর প্রথম ও শেষ পর্ব থেকে মোট চারজন, স্নাতক চতুর্থ বর্ষের ১৮ জনকে বাছাই করা হয়। অপেক্ষমাণ তালিকায় রাখা হয় আটজনকে। আসন বরাদ্দ না পাওয়া ছাত্ররা গত ৩০ আগস্ট কলেজের অধ্যক্ষকে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, ‘আসন বরাদ্দে কোনো নিয়মনীতি মানা হয়নি। নিম্ন ফলের অধিকারীদের আসন দেওয়া হয় এবং ভালো ফলের অধিকারীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।’আসনবঞ্চিত ইংরেজি চতুর্থ বর্ষের (সম্মান) শিক্ষার্থী মো. ইসলাম বলেন, ‘আমি অনার্সে দ্বিতীয় শ্রেণী পেয়েও মেধার ভিত্তিতে আসন পাইনি। অথচ তৃতীয় শ্রেণী এবং এক বছর পিছিয়ে পড়া (ইয়ার লস) ছাত্ররাও আসন পেয়েছেন।’ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শেখ মো. ইউনুস কম মেধাবী শিক্ষার্থীকে আসন দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা মেধা, আচার-আচরণগত বিষয়াদির আলোকে আসন বরাদ্দ দিয়েছি। এখানে কোনো অনিয়ম হয়নি। কমিটিতে অধ্যক্ষের প্রতিনিধি হিসেবে গণিত বিভাগের সভাপতি দিলীপ নাথও ছিলেন।’অপেক্ষমাণ তালিকায় থাকা রসায়ন চতুর্থ বর্ষের (সম্মান) শিক্ষার্থী তারেক আজিজ বলেন, ‘নিয়মানুযায়ী আবেদন করেও আসনবঞ্চিত হয়েছি। অথচ অনেকেই আবেদন না করেও ব্যক্তিগত পরিচয়ে আসন পেয়েছেন।’চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার প্রথম আলোকে বলেন, হলে আসন বণ্টনের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। আমি দায়িত্ব নেওয়ার আগেই এ ধরনের অবস্থা ছিল। তবে আমরা এ ক্ষেত্রে সাধারণ কিছু নিয়মনীতি মেনে আসন বরাদ্দ দিয়ে থাকি।’ এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় থাকা ছাত্রদের আসন বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলে অধ্যক্ষ দাবি করেন।