মেধাবীদের বৃত্তি দিয়েছে কনকর্ড-ফয়’স লেক
কনকর্ড ও ফয়’স লেক অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড যৌথভাবে চট্টগ্রামের প্রথম সারির ১০টি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন, কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস কে লালা ও উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল। পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মেধার ভিত্তিতে দুজন এবং পুরো বিদ্যালয়ের অদম্য মেধাবী দুজন শিক্ষার্থী—এ দুটি শ্রেণীতে প্রত্যেক বিদ্যালয় থেকে চারজন করে মোট ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। অদম্য মেধাবী প্রত্যেক ছাত্রকে ২০ হাজার এবং সমাপনী পরীক্ষায় মেধার ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার মেধাবৃত্তি দেওয়া হয়। এখন থেকে প্রতিবছর এ বৃত্তি দেওয়া হবে।