মেধাবীদের রাজনীতিতে আসার আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী, সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিকদের রাজনীতিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘ভবিষ্যতে সুযোগ পেলে ভালো ও যোগ্য মানুষকে উপযুক্ত মূল্যায়ন করে তাঁদের দেশের কাজে লাগাতে চাই।’স্বাধীনতার ৪০ বছর পূর্তি ও গণস্বাস্থ্য কেন্দ্রের ৪০ বছর উদ্যাপন উপলক্ষে সাভারে আয়োজিত উন্নয়নকর্মীদের মিলনমেলার শেষ দিনে মুক্ত আলোচনায় খালেদা জিয়া এ আহ্বান জানান। খালেদা জিয়া বলেন, ‘আপনারা রাজনীতিবিমুখ না হয়ে রাজনীতিতে সরাসরি অংশ নিন। তাহলে রাজনীতিকে আরও দ্রুত শুদ্ধ করা সম্ভব হবে।’ তিনি বলেন, নিরাপদ দূরত্বে থেকে রাজনীতির সমালোচনা করা বা বিরোধিতা করা খুবই সহজ। রাজনীতিকে বদলানোর এবং আরও সুন্দর করার কঠিন পথে আসুন। তাহলেই দেশের জন্য সত্যিকারের ভালো কাজ করা হবে। দেশের স্বার্থ আজ অরক্ষিত এবং জনগণের স্বার্থ বিপন্ন বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক পন্থায় সরকারবদলের রুদ্ধ দুয়ার খুলতে প্রয়োজন সম্মিলিত জাতীয় অভিযাত্রা। তাহলে দুর্যোগ, দুর্বিপাক ও দুঃসময় কেটে যাবে। খালেদা জিয়া দাবি করেন, গত ৪০ বছরে যা কিছু উন্নয়ন হয়েছে, তার সিংহভাগ হয়েছে বিএনপির আমলে। তিনি বলেন, মানুষ হিসেবে ভুল-ত্রুটি, ব্যর্থতা ও সীমাবদ্ধতা নিশ্চয়ই ছিল। কিন্তু জেনেশুনে কোনো অন্যায় করা হয়নি। ভবিষ্যতেও হবে না। দেশ পরিচালনার দায়িত্ব পেলে অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে সম্ভাবনায় ভরিয়ে তুলবে বিএনপি; প্রতিশোধ ও প্রতিহিংসা চরিতার্থ করবে না।বিএনপির চেয়ারপারসন বলেন, ‘কেউ কেউ রাজনীতিকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁদের কারও কথার প্রতিবাদ করতে চাই না। শুধু বিনয়ের সঙ্গে বলতে চাই, সব রাজনীতিবিদকে এক কাতারে দাঁড় করালে সবার প্রতি সুবিচার করা হয় না। কাজের কথা হচ্ছে, রাজনীতিকে সুন্দর করা, কল্যাণমুখী করা, সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে স্থাপন করা, জনস্বার্থের অনুকূল করা, সহনশীল করা, পরিশীলিত করা এবং মেধা ও যুক্তিনির্ভর করা। এ জন্য মেধাবী, সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে আসতে হবে।’‘সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ রাষ্ট্রের করণীয়, রাজনীতিবিদের দায়িত্ব, উন্নয়নকর্মীদের ভূমিকা ও জনগণের প্রাপ্তি’ শীর্ষক এই মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান সাদেক খান।আইনজীবী শাহ্দীন মালিক বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন প্রমাণ করেছে, ভালো লোকদের জনগণ ভোট দিতে চায়। রাজনীতিবিদেরা এ উপলব্ধি করতে না পারলে জনগণ তখন নতুন দল গঠন করবে। স্বাধীনতার ৪০ বছর পর রাজনীতিবিদদের আন্দোলন হওয়া উচিত ছিল খাদ্যে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু তা না হয়ে এখনো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্দলীয় সরকার নিয়ে আন্দোলন হচ্ছে।অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, দলগুলো দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছে। অথচ পরের বার হেরে যাচ্ছে। খারাপ লোকদের রাজনীতিতে আসা ও তাদের সংসদ সদস্য করাই এর একটা কারণ। তিনি বলেন, কালোটাকা যেমন সাদাটাকাকে বাজার থেকে বিতাড়িত করে, তেমনি খারাপ রাজনীতিকেরা ভালোদের রাজনীতিতে আসতে বাধা সৃষ্টি করে।আলোচনায় আরও বক্তব্য দেন নারীনেত্রী সালমা খান, গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক আলফাতুন্নেছা। উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মুক্ত আলোচনায় বক্তাদের রাজনীতি ও অধিকার নিয়ে প্রশ্ন করেন।