মেধাবীরা না এলে রাজনীতি মন্দ মানুষের হাতে চলে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেধাবী ও ভালো মানুষ রাজনীতিতে না এলে তা মন্দদের হাতে চলে যাবে। এতে চরিত্রহীন, অসৎ লোকেরা সংসদ সদস্য হবেন এবং দেশের বারোটা বাজবে। তাই রাজনীতিকে শুদ্ধ করতে সৎ মানুষদের রাজনীতিতে আসতে হবে।গতকাল শনিবার সকালে খুলনা নগরভবনে ২০১২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।ওবায়দুল কাদের কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মেধাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। সহিংসতা ও বিষময় রাজনীতি পরিহার করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়তে রাজনীতিতে মেধাবীদের আসতে হবে। তিনি আরও বলেন, যোগাযোগ খাতের সর্বোচ্চ বরাদ্দ খুলনা অঞ্চলের জন্য রাখা হয়েছে। এখানকার জরাজীর্ণ রেলস্টেশনের উন্নয়নে এ সরকারের আমলে কাজ শুরু হবে। এ ছাড়া ২৫ কোটি টাকা ব্যয়ে ময়ূর নদে সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। খুলনা-মংলা ও খুলনা-যশোর মহাসড়ক পবিত্র রোজার আগেই যানবাহন চলাচলের উপযোগী করা হবে।সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর এবং যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান। অনুষ্ঠানে মহানগরের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৫৫৪ কৃতী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।