মেধাবৃত্তি পেয়েছে মেয়ে কাঁদছেন মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় সন্তানের ভালো ফলে মা-বাবার আনন্দে আত্মহারা হওয়ারই কথা। কিন্তু জয়পুরহাটের আক্কেলপুরে এক মেধাবী শিক্ষার্থীর মেধাবৃত্তি পাওয়ার পরেও তার মা-বাবার চোখ দিয়ে পানি ঝরছে।
এই মেধাবী শিক্ষার্থীর নাম নুরী জান্নাত মৌ। সে আক্কেলপুর পৌর সদরের সোনামুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে আক্কেলপুর পৌর সদরের শান্তা মহল্লার কামরুজ্জামান ওরফে লেমনের মেয়ে। কামরুজ্জামান উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে নকলনবিশ হিসেবে কাজ করেন। মা রিনা সুলতানা গৃহিণী। তাঁদের দুই সন্তানের মধ্যে বড় নুরী জান্নাত।
নুরী জান্নাত এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মেধাবৃত্তি (টেলেন্টপুল) পেয়েছে। গতকাল শুক্রবার এই ফল প্রকাশিত হয়েছে। ফল পেয়ে তার মা-বাবা ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। কারণ, এই সাফল্যে যার সবচেয়ে বেশি আনন্দিত হওয়ার কথা, সেই নুরী জান্নাত মৌ আর নেই। ফলাফল প্রকাশের ২৮ দিন আগেই এ পৃথিবী ছেড়ে সে চলে গেছে না-ফেরার দেশে।
সোনামুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, তাঁর বিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় চারজন ট্যালেন্টপুলে আর চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
গতকাল বিকেলে নুরী জান্নাতদের ভাড়া বাসায় গিয়ে দেখা গেছে, বাড়ির উঠানে বসে কাঁদছিলেন তার মা। তাঁর পাশে বসে ছিলেন নুরী জান্নাতের নানি জাহেরা খাতুন। জাহেরা খাতুন জানান, নাতনি ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর পেয়ে মেয়ের বাড়িতে এসেছেন। নুরী জান্নাতের মা জানান, তাঁর মেয়ে অসম্ভব মেধাবী ছিল। সে মস্তিষ্ক ক্যানসারে অসুস্থ হয়ে ৫ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ে নেই, ভালো ফল দিয়ে কী করব।’