মেধার স্বীকৃতি দিতে অর্থমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ আহ্বান জানান।অর্থমন্ত্রী বলেন, গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়ার ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগকে উৎসাহিত করতে হবে। তিনি জানান, চলতি বছর ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য ১৭ হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্য থেকে তিন হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘বাকি ১৪ হাজার শিক্ষার্থীও মেধাবী। এরা যাতে বৃত্তিবঞ্চিত না হয়, সে জন্য অন্যান্য আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। যারা এগিয়ে আসবে, তাদের আমরা সহযোগিতা করব।’ এর আগে কৃতী শিক্ষার্থীদের কয়েকজনের হাতে বৃত্তিপত্র তুলে দেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ব্যাংকগুলো যদি সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় বাড়ায়, সে ক্ষেত্রে ব্যাংকগুলোর কর রেয়াত বাড়ানোর জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান আতিউর রহমান। তিনি জানান, ২০০৯ সালে বাংলাদেশের ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা খাতে ব্যয় করেছিল ৫৫ কোটি টাকা। একই খাতে তারা ২০১০ সালে ব্যয় করেছে ২৩৩ কোটি টাকা। অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি ২০১৬ সালের পর থেকে ৩০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। এ জন্য প্রতিবছর ব্যাংকটির ব্যয় হবে ১০২ কোটি টাকা। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যাংকটি মোট ছয় হাজার ৯১৫ জন শিক্ষার্থীকে ১৯ কোটি টাকার বৃত্তি দিয়েছে। এর মধ্যে চলতি বছর তিন হাজার আটজনকে বৃত্তি দেওয়া হয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অধিকাংশই গ্রামের দরিদ্র মেধাবী, যাদের অর্ধেক ছাত্রী।বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বৃত্তি পাওয়া শিক্ষার্থী সুরাইয়া আহমেদ শরিফা, আবদুল্লাহ আল ইমরান ও সোনিয়া আক্তার।