অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মেধার স্বীকৃতি পেলে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনে উৎসাহিত হয়। এ উৎসাহ তাদের যোগ্যতা ও সম্ভাবনাগুলোকে বিকশিত করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। ফলে তাদের উপযুক্ত শিক্ষা, যোগ্যতা ও দক্ষতা নিয়ে গড়ে উঠতে হবে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন-উর-রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ হাফিজ আহমদ মজুমদার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠানে ২০০৯ সালে সিলেট জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪০৪ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।