মেধাহীন রাজনৈতিক অঙ্গনে অজয় রায় ছিলেন ব্যতিক্রম

স্মরণসভায় আলোচকেরা বলেছেন, প্রয়াত বামপন্থী নেতা অজয় রায় অসাম্প্রদায়িক এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের রূপায়ণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। মেধাহীন রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন ব্যতিক্রম। অজয় রায়ের মৃত্যুতে সমাজ আরও একটু অন্ধকারে নিমজ্জিত হবে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ট্রাস্ট ভবনে ‘কমরেড অজয় রায় স্মরণ আয়োজন’ শীর্ষক অনুষ্ঠানে অজয় রায়ের একসময়ের সঙ্গী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা এ কথা বলেন। মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট এই স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে অজয় রায়ের ছাত্রজীবন, সাতচল্লিশে দেশ ভাগের পর পরিবার পরিজন ছেড়ে বাংলাদেশে চলে আসা, বাম আন্দোলনে যুক্ত হওয়া, সারা জীবন বাম আন্দোলনের পাশাপাশি জাতীয় আন্দোলনে ভূমিকা রাখা, জ্ঞানচর্চা—এসব নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, অজয় রায় রাজনীতিতে ছিলেন ত্রিকালদর্শী। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতি প্রত্যক্ষ করেছেন, আন্দোলন করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন।
অনুষ্ঠানে একাধিক আলোচক অজয় রায়ের মেধা ও জ্ঞানচর্চার নানা উদাহরণ তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘অজয় রায় রাজনীতির বাইরে সামাজিক ও পেশাগত নানা বিষয়ে গভীর ও স্বচ্ছ বিশ্লেষণ করার ক্ষমতা রাখতেন। তিনি আরও বলেন, ‘এই মেধাবী মানুষ কীভাবে রাজনীতিতে এসেছিলেন, কীভাবে রাজনীতি অব্যাহত রেখেছিলেন, তা জানি না।’
তিন ঘণ্টার এই অনুষ্ঠান সঞ্চালনা করেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলালউদ্দিন। অনুষ্ঠানের সভাপতি ও ট্রাস্টের সভাপতি শেখর দত্ত অজয় রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। শেখর দত্ত বলেন, সমাজদর্শন, সাহিত্য-সংস্কৃতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয় ও রাজনীতিতে অজয় রায় পণ্ডিত ছিলেন।

১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজয় রায়ের জন্ম। এ বছর ১৯ অক্টোবর তাঁর মৃত্যু হয়। একাধিক আলোচক অজয় রায়কে দ্বিতীয় প্রজন্মের বাম রাজনীতিক বলে উল্লেখ করেন। ৭০ বছরের রাজনৈতিক জীবনে ১৫ বছর জেলে কাটিয়েছেন। স্বাধীনতার আগে ও পঁচাত্তরের পরে সব মিলে পাঁচ বছরের বেশি ছিলেন আত্মগোপনে।
অনুষ্ঠানে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, সাংসদ ছবি বিশ্বাস, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, লেখক-প্রকাশক মফিদুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্যসচিব জিয়া উদ্দিন তারেক আলী এবং মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সদস্য ফৌজিয়া মোসলেম, প্রদীপ চক্রবর্তী ও মুকুল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।