মেধাহীন রাজনৈতিক অঙ্গনে অজয় রায় ছিলেন ব্যতিক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত স্মরণসভায় আলোচকেরা বলেছেন, প্রয়াত বামপন্থী নেতা অজয় রায় অসাম্প্রদায়িক এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নের রূপায়ণে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। মেধাহীন রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন ব্যতিক্রম।
গতকাল শুক্রবার পুরানা পল্টনে ট্রাস্ট ভবনে ‘কমরেড অজয় রায় স্মরণ আয়োজন’ শীর্ষক অনুষ্ঠানে অজয় রায়ের একসময়ের সঙ্গী, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা এসব কথা বলেন। মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট এই স্মরণসভার আয়োজন করে। সভায় অজয় রায়ের ছাত্রজীবন, সাতচল্লিশে দেশ ভাগের পর পরিবার-পরিজন ছেড়ে বাংলাদেশে চলে আসা, বাম আন্দোলনে যুক্ত হওয়া, সারা জীবন বাম আন্দোলনের পাশাপাশি জাতীয় আন্দোলনে ভূমিকা রাখা, জ্ঞানচর্চা—এসব নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, অজয় রায় রাজনীতিতে ছিলেন ত্রিকালদর্শী। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতি প্রত্যক্ষ করেছেন, আন্দোলন করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন।
সভায় একাধিক আলোচক অজয় রায়ের মেধা ও জ্ঞানচর্চার নানা উদাহরণ তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, অজয় রায় রাজনীতির বাইরে সামাজিক ও পেশাগত নানা বিষয়ে গভীর ও স্বচ্ছ বিশ্লেষণ করার ক্ষমতা রাখতেন। তিনি বলেন, ‘এই মেধাবী মানুষ কীভাবে রাজনীতিতে এসেছিলেন, কীভাবে রাজনীতি অব্যাহত রেখেছিলেন তা জানি না।’
তিন ঘণ্টার এই স্মরণসভা সঞ্চালনা করেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলালউদ্দিন। প্রয়াত অজয় রায়ের স্ত্রী জয়ন্তী রায় একাধিক ঘটনার উল্লেখ করে বলেন, অজয় রায় জ্ঞানচর্চার গুণটি পেয়েছিলেন তাঁর বাবা প্রমথনাথ রায়ের কাছ থেকে। আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন মা কল্যাণী রায়ের প্রেরণায়।
সভার সভাপতি ও ট্রাস্টের সভাপতি শেখর দত্ত অজয় রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। শেখর দত্ত বলেন, সমাজ দর্শন, সাহিত্য-সংস্কৃতি, অর্থনীতি, আন্তর্জাতিক বিষয় ও রাজনীতিতে অজয় রায় পণ্ডিত ছিলেন।
১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অজয় রায়ের জন্ম। গত ১৭ অক্টোবর তাঁর মৃত্যু হয়। একাধিক আলোচক অজয় রায়কে দ্বিতীয় প্রজন্মের বাম রাজনীতিক বলে উল্লেখ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৫ বছর কারাগারে কাটিয়েছেন। স্বাধীনতার আগে ও পঁচাত্তরের পরে সব মিলে পাঁচ বছরের বেশি ছিলেন আত্মগোপনে।
সভায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম খান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল আলম লেনিন, সাংসদ ছবি বিশ্বাস, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, বাংলাদেশ শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, লেখক-প্রকাশক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্যসচিব জিয়া উদ্দিন তারেক আলী এবং মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সদস্য ড. ফৌজিয়া মোসলেম, প্রদীপ চক্রবর্তী, মুকুল চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।