মেন্টাল অ্যারিথমেটিক জাতীয় প্রতিযোগিতায় ১৯৯ জন শিক্ষার্থী পুরস্কার পেল
দ্রুত ও নির্ভুল সংখ্যা গণনার দক্ষতা বাড়াতে জাতীয় পর্যায়ের মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতার আয়োজন করেছে আলোহা বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (বিআইসিসি) নবরাত্রি মিলনায়তনে গতকাল শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতা শেষে ১৯৯ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
সকালে সংখ্যা গণনার এই প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের ৩০০টি বিদ্যালয়ের ১ হাজার ৬৩৩ শিক্ষার্থী এবং ভারতের আলোহা ত্রিপুরার ৪৪ শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী অ্যাবাকাস কল্পনা করে ৫ মিনিটে ৭০টি জটিল গাণিতিক সমস্যা সমাধান করে।
অ্যাবাকাস হচ্ছে প্রায় সাড়ে চার হাজার বছরের পুরোনো এক গণনা পদ্ধতি। এটি সাধরাণত কাঠের কাঠামো ও পুঁতি দিয়ে তৈরি হতো। এর মাধ্যমে জটিল গাণিতিক সমস্যার সমাধান সহজে করা যায়।
আলোহা হচ্ছে সংখ্যা গণনা ও গণিত শেখার একটি আন্তর্জাতিক সংগঠন। এটি বিশ্বের ৩৫টি দেশের ৫০ লাখের বেশি শিক্ষার্থীকে কল্পিত অ্যাবাকাস ব্যবহারের মাধ্যমে গণিতের গণনা শেখায়।
আলোহা বাংলাদেশ ২০০৬ সালের মার্চ থেকে এদেশের শিক্ষার্থীদের গণনা শেখানোর কর্মসূচি নেয়। বর্তমানে বাংলা ও ইংরেজি মাধ্যমের ৬০০ বিদ্যালয় এ কর্মসূচিতে রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শিশুরা প্রথমে অ্যাবাকাস ব্যবহার করে গণনা শেখে। পরে শিক্ষার্থীদের মনে মনে অ্যাবাকাস কল্পনা করে যোগ-বিযোগ, গুণ-ভাগ, রুট-স্কয়ার রুট, দশমিক ও শতাংশের মতো জটিল গাণিতিক হিসাব দ্রুত ও নির্ভুলভাবে করতে শেখানো হয়। ২০০৮ সাল থেকে আলোহা বাংলাদেশ মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার ছিল দশম আসর।
আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, মেন্টাল অ্যাবাকাস পদ্ধতিতে সংখ্যা গণনা শিশুদের নিখুঁত পর্যবেক্ষণ, শ্রবণ, স্মৃতি ধারণক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা ও কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে। শিশুরা খেলার ছলে গণিত শেখে। শিশুদের দ্রুত ও নির্ভুল গণনা শেখানোই তাঁদের কর্মসূচি ও প্রতিযোগিতার উদ্দেশ্য।
বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এর আগে শিক্ষার্থীরা অনুষ্ঠানে অতিথিদের সামনে জটিল গাণিতিক সমস্যা নির্ভুলভাবে সমাধান করে দেখায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রেসিডেন্ট ও মালয়েশিয়া অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক অ্যাসোসিয়েশন সেক্রেটারি লোহ মুন সাঙ, আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম এবং পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন।
প্রতিযোগিতায় ৭০ নম্বরের পরীক্ষায় ৭০ পেয়েছে তিন শিক্ষার্থী। এই তিন শিক্ষার্থীকে বিজয়ীদের মধ্যে বিজয়ী ঘোষণা করা হয়।