মেন্টাল অ্যারিথমেটিকে পুরস্কার পেল ১৯৯ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত ও নির্ভুল সংখ্যা গণনার দক্ষতা বাড়াতে জাতীয় পর্যায়ে মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতার আয়োজন করেছে আলোহা বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির (বিআইসিসি) নবরাত্রি হলে আজ শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতা শেষে ১৯৯ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।

সকালে সংখ্যা গণনার এই প্রতিযোগিতা শুরু হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রতিযোগিতায় দেশের ৩০০টি স্কুলের ১ হাজার ৬৩৩ এবং ভারতের ত্রিপুরা আলোহার ৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রত্যেক শিক্ষার্থী মনে মনে অ্যাবাকাস কল্পনা করে ৫ মিনিটে ৭০টি জটিল গাণিতিক সমস্যার সমাধান করে।

আলোহা হচ্ছে সংখ্যা গণনা ও গণিত শেখার একটি আন্তর্জাতিক সংগঠন। এটি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত, মালয়েশিয়াসহ ৩৫টি দেশের ৫০ লাখের বেশি শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছে। ২০০৬ সালের মার্চ থেকে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। বাংলা ও ইংরেজি মাধ্যমের ৬০০ স্কুল এ কর্মসূচিতে যুক্ত হয়েছে। ২০০৮ সালে দেশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আলোহা বাংলাদেশ। এবার ছিল ১০ম আসর।

আলোহা বাংলাদেশের কর্মসূচির মাধ্যমে শিশুরা প্রথমে অ্যাবাকাস ব্যবহার করে গণনা শেখে। পরে মস্তিষ্কের পূর্ণ ক্ষমতা ব্যবহারে এবং মনে মনে অ্যাবাকাস কল্পনা করে শিক্ষার্থীদের যোগ-বিয়োগ, গুণ-ভাগ, রুট-স্কয়ার রুট, দশমিক ও শতাংশের মতো জটিল গাণিতিক হিসাব দ্রুত ও নির্ভুলভাবে করতে শেখানো হয়।

আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, মেন্টাল অ্যাবাকাস পদ্ধতি সংখ্যা গণনা, নিখুঁত পর্যবেক্ষণ, শ্রবণ, স্মৃতিধারণ ক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা ও কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে। শিশুরা খেলার ছলে গণিত শেখে। শিশুদের দ্রুত ও নির্ভুল গণনা শেখানোই তাদের কর্মসূচি ও প্রতিযোগিতার উদ্দেশ্য।

বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা অতিথিদের সামনে জটিল গাণিতিক সমস্যা নির্ভুলভাবে সমাধান করে দেখায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রেসিডেন্ট ও মালয়েশিয়া অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লোহ মুন সাঙ, আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিম এবং পরিচালক মোহাম্মদ শামসুদ্দিন।