মেয়র আফজালের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত
ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনের সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর করা এক রিটের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
১ অক্টোবর আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল শনিবার আফজাল হোসেন রিট আবেদনটি করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।
বিশ্বজিৎ রায় প্রথম আলোকে বলেন, জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় রাজধানীর মিন্টো রোডে জ্যেষ্ঠ বিচারপতি মঈনুল ইসলামের বাসায় আদালত বসে। শুনানি নিয়ে আদালত বরখাস্তের আদেশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন।
মনজিল মোরসেদ বলেন, কারণ দর্শানোর কোনো সুযোগ না দিয়ে ১ অক্টোবর মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়। তাঁকে তিন দিনের মধ্যে ১ নম্বর প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। এ কারণে রিটটি করা হয়। আজ সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত হওয়ায় এ সময়ে আফজাল হোসেনের দায়িত্ব পালনে আর কোনো আইনগত বাধা নেই।
রুলে সাময়িক বরখাস্তের ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, ঝালকাঠির জেলা প্রশাসকসহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে চিঠিতে বলা হয়, বন বিভাগের অনুমতি ছাড়া পৌরসভার সড়কের পাশের গাছ কেটে বিক্রি করা, সরকারি নির্দেশ অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশাকে লাইসেন্স প্রদান ও বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া বৈদ্যুতিক খুঁটি অপসারণ করার কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।